বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী মোড় এলাকায় দিনমজুর নৃপেন চন্দ্র রায়ের বাড়িঘর ভেঙে ও গাছপালা কেটে ৪৩ শতক জমি এলাকার প্রভাবশলী এক ব্যক্তি দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে স্থানীয় কড়াই গ্রামের মো. তৈমুর আলী ওই জমি দখল করেছেন। অভিযুক্ত তৈমুর আলী জমি দখলের সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই জমির প্রকৃত মালিক আমরা, তাই দখল করেছি। কয়েকটি হিন্দু পরিবার অন্যায়ভাবে সেখানে ঘরবাড়ি করে বসবাস করছিল। জমিটির মালিকানা নিয়ে ওই হিন্দুদের বিরুদ্ধে আদালতে মামলাও চলছে।’ নৃপেন চন্দ্রের ভাই হরিস চন্দ্র রায় গতকাল শুক্রবার দুপুরে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, পৈতৃক সূত্রে পাওয়া জমিটি দখলে নেওয়ার জন্য তৈমুর আলী অনেক দিন ধরে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন। গত বুধবার সকালে তৈমুর আলীর নেতৃত্বে ৩৫-৪০ জন লোক লাঠিসোঁটা, দা, কুড়াল, রডসহ হামলা চালিয়ে বাড়িঘর ভেঙে দেয় এবং বাড়ির পাশে লাগানো অনেকগুলো ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে সেখানে একটি টিনের ঘর তৈরি করে। বাধা দিতে গেলে অশ্বিনী রাণী, পুতুল রাণী ও নিমা রাণীকে মারপিট করে। পরে স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও পুলিশ এসে দখল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিলেও তাঁরা শোনেননি। এখনো ওই জায়গা ছাড়ার জন্য তাঁরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘জমির মালিক তাঁরা হয়ে থাকলেও এভাবে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ভেঙে ও গাছপালা কেটে জমি দখল করার ঘটনাটি অমানবিক ও দুঃখজনক। ঘটনার সময় আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে দখলদারদের নিষেধ করেছি, কিন্তু তাঁরা আমার কথা শোনেননি।’ ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।