বাড়িঘরে হামলা, আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে গতকাল সোমবার বিকেলে বাড়িঘর ভাঙচুর এবং নারীসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নুনেরটেক গ্রামে ইমাম উদ্দিনের ছেলে রতন মিয়া (২৯) ক্রিকেট খেলার সময় একই এলাকার আবুল হোসেনের ছেলে মহসিন মিয়ার গায়ে বলের আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে রতন মিয়াকে পিটিয়ে আহত করেন মহসিন মিয়া। পরে স্থানীয় স্কুলছাত্র জাহাঙ্গীর হোসেন এর প্রতিবাদ করে। এর জের ধরে মহসিন মিয়ার নেতৃত্বে ১৫-২০ রামদা, টেঁটা, লাঠি, রড নিয়ে হামলা চালিয়ে জাহাঙ্গীর হোসেন, তার মা সুফিয়া বেগম, বোন হাসিনা বেগম, নাজমা আক্তার, মনোয়ারা বেগমসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মনোয়ারা বেগম বলেন, ‘তুচ্ছ ঘটনার প্রতিবাদ করায় আবুল হোসেনের ছেলে মহসিন মিয়া ও তার লোকজন আমার পরিবারের লোকজনসহ ১০ জনকে কুপিয়ে আহত করে। আমার বাড়িঘরও ভাঙচুর করা হয়।’ মহসিন মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে তিনি ও তাঁর লোকজন জড়িত নন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।