বাড়িছাড়া মানুষ, শুরু হয়নি বাঁধের সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

রাজশাহী নগরের সেখের চক এলাকায় পদ্মার পাড় ধসে পড়ার ২৩ দিন অতিবাহিত হলেও এখনো সংস্কারকাজ শুরু হয়নি। ঝুঁকি নিয়ে ওই এলাকায় বসবাস ও রাস্তা দিয়ে চলাচল করছে মানুষ। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন l শহীদুল ইসলাম
রাজশাহী নগরের সেখের চক এলাকায় পদ্মার পাড় ধসে পড়ার ২৩ দিন অতিবাহিত হলেও এখনো সংস্কারকাজ শুরু হয়নি। ঝুঁকি নিয়ে ওই এলাকায় বসবাস ও রাস্তা দিয়ে চলাচল করছে মানুষ। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন l শহীদুল ইসলাম

গত ২৯ অক্টোবর ওই এলাকায় হঠাৎ ধস দেখা যায়। শহররক্ষা বাঁধের ওপরের প্রায় ২০০ মিটার সড়ক ধসে দেবে গেছে

রাজশাহী নগরের সেখেরচক এলাকায় পদ্মাপাড়ের ভাঙনে ধসে পড়া বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে মানুষজন। ঝুঁকি নিয়ে সেখানেই বসবাস করছে আরও কয়েক ঘর মানুষ। ধসের ২৩ দিনে প্রশাসনের লোকজন ওই স্থান পরিদর্শন করলেও ধস সংস্কারে কোনো কাজ এখন পর্যন্ত শুরু হয়নি।

গত ২৯ অক্টোবর ওই এলাকায় হঠাৎ ধস দেখা যায়। শহররক্ষা বাঁধের ওপরের প্রায় ২০০ মিটার সড়ক ধসে দেবে গেছে। সড়কের পাশের টাইলস বসানো ফুটপাতেরও একই অবস্থা। ফলে সড়ক-সংলগ্ন সাতটি বাড়িতে ফাটল দেখা দেয়। যার মধ্যে তিনটি বাড়ির সীমানাপ্রাচীর রাস্তার সঙ্গেই দেবে গেছে। ধসের কারণে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। দুর্ঘটনা থেকে বাঁচতে এলাকাবাসী নিজ উদ্যোগে সড়কের দুই পাশে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছেন।

গতকাল রোববার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, মূল ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইদ্রিস আলী ইট টানার কাজ করছেন। তিনি বলেন, ভাঙনের পর থেকেই তিনি পরিবারের আটজন সদস্য নিয়ে নগরের টিকাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছেন। রাতে সেখানেই থাকেন। গত কয়েক দিন দিনের বেলা ভাঙা বাড়িতে এসে রান্না করে খাবার খেয়ে সন্ধ্যায় আবার ভাড়া বাড়িতে চলে যান।

তিনি বলেন, ভাঙনের পর থেকে সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জেলা প্রশাসনের কর্মকর্তারা ওই জায়গা পরিদর্শন করেছেন। সবাই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো রকম সাহায্য-সহযোগিতা করেননি। ভাঙনে বাড়িছাড়া হয়ে তিনি চরম সংকটে দিন পার করছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইদ্রিস আলীর পাশের বাড়িটি জোসনা বেগমের। তিনিও বাড়ি ছেড়ে পরিবারের চারজন সদস্য নিয়ে আশ্রয় নিয়েছেন পাশের আহম্মেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে। ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাঁর থাকার জন্য সেখানে ব্যবস্থা করে দিয়েছেন। ইদ্রিস আলীর অপর পাশের বাড়িটি কালামের। বাড়ি ছেড়ে যাওয়ার জায়গা না পাওয়ায় ঝুঁকি নিয়ে বাড়িতেই বসবাস করছেন। এ ছাড়া আশপাশের আলমগীর, রশিদ, আনোয়ার ও খোকনের বাড়িও ঝুঁকির মধ্যে আছে। ঝুঁকি নিয়েই তাঁরা সেখানে বসবাস করছেন।

মো. খোকন বলেন, এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে। মানুষজন এদিক দিয়ে চলাচল করতেও ভয় পাচ্ছে। কিন্তু প্রশাসনের কেউ কিছু করছে না, সবাই খালি দেখে যায়।

জানতে চাইলে পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, ‘রাস্তা যেটা ধসে পড়েছে সেটা সিটি করপোরেশন দেখবে। বাঁধের যে অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মেরামতের জন্য আমাদের প্রকৌশলী ওই এলাকা পরিদর্শন করে নকশা জমা দিয়েছেন। অর্থ বরাদ্দের জন্যও আমরা ঢাকায় আবেদন জানিয়েছি। নকশা অনুমোদন করে অর্থ বরাদ্দ হলেই আমরা কাজ শুরু করতে পারব।’

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘বাঁধের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, পাউবো তা ঠিক করে দিলে আমরা রাস্তা মেরামতের কাজ শুরু করতে পারব।’