বাড়িটি আত্মসাতের অভিযোগ তদন্ত করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২০ কোটি টাকা মূল্যের সরকারি বাড়িটি উদ্ধারে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি আবাসন পরিদপ্তর। এদিকে সরকারি কর্মকর্তা হয়ে সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগের বিষয়টি অনুসন্ধান ও তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অবসরে যাওয়া আবু মোহাম্মদ নুরুল ইসলাম নামের সরকারি এক কর্মকর্তা বাড়িটি ১০ বছর ধরে দখল করে রাখায় প্রথম আলোর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বাড়ি না পাওয়া ঊর্ধ্বতন সরকারি অনেক কর্মকর্তা। তাঁরা শিগগিরই বাড়িটি উদ্ধারের দাবিও জানান।
দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া জানান, সরকারি বাড়িটি সরকারি কর্মকর্তা হয়ে আত্মসাতের অভিযোগের বিষয়টি অনুসন্ধান ও তদন্ত করবে দুদক।
সরকারি আবাসন পরিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোতাহার হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকায় অবৈধ দখলে থাকা বাড়িটি উদ্ধার করা যাচ্ছে না। স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য জোর আইনি লড়াই চালানো হচ্ছে।’
‘চট্টগ্রামে ২০ কোটি টাকার সরকারি বাড়ি আত্মসাৎ-চেষ্টার অভিযোগ’ শিরোনামে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।