বাড়িটি ছিল শিবিরের আস্তানা
সাতক্ষীরা শহরের কামালনগর কবরস্থান এলাকার বাড়িটি ছিল শিবিরের একটি গোপন আস্তানা। মাঝেমধ্যে ওই বাড়িতে বসত গোপন বৈঠক। গতকাল সোমবার ওই এলাকার কয়েকজন বাসিন্দা, শিবিরের আহত কর্মী ও নেতাদের সঙ্গে কথা বলে এমনই তথ্য মিলেছে।
গত রোববার বিকেলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে ওই বাড়িতে। এতে ছাত্রশিবিরের এক নেতা নিহত ও সাত নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ দুটি মামলা দায়ের করেছে।
সদর হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মো. হাসানুজ্জামান জানান, গুলিবিদ্ধ সাতজনের চিকিৎসা চলছে। তাঁরা শঙ্কামুক্ত।
গুলিতে নিহত আমিনুর রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর ছোট ভাই হাবিবুর রহমান জানান, মরদেহ আসরের নামাজের পর জানাজা শেষে কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কামালনগরে গতকাল দুপুর ১২টার দিকে গিয়ে জানা যায়, বাড়িটির মালিক শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মহিউল আলম। মূল সড়ক থেকে একটু ভেতরে চারদিকে প্রাচীর দেওয়া চার কক্ষের এ বাড়িটি বেশ নির্জন। গুলিতে আহত শিবিরের কর্মী আবদুল গফুর জানান, গত জানুয়ারি মাস থেকে কামালনগর এলাকার হাফিজুল ইসলাম নামের একজনের মাধ্যমে তাঁরা বাড়িটি তিন হাজার ৭০০ টাকায় ভাড়া নেন। ওই বাড়িতে প্রথমে তিনি একই থাকতেন।
গত ১ মার্চ তাঁর ভাই শিবিরের কর্মী আবদুস সবুর, সাতক্ষীরা সদর উপজেলার নূর মোহাম্মদ ও পৌর শিবিরের প্রচার সম্পাদক ইমরান হোসেন তাঁর সঙ্গে যুক্ত হন। তাঁদের ওই বাড়িতে মাঝেমধ্যে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আসতেন। বিশেষ করে সাতক্ষীরা পৌর শিবিরের সভাপতি আবু তালেব ও সেক্রেটারি আমিনুর রহমানের নেতৃত্বে তাঁরা ওখানে জড়ো হতেন।
আবু তালেব জানান, তাঁরা আগে সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ তাঁদের এ বাড়ির ঠিকানা জেনে যাওয়ায় গত সেপ্টেম্বর মাসে শহরের পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতেন। গত অক্টোবর মাসে তিনি গাছ কাটা ও সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হন। এরপর ওই ঠিকানা পরিবর্তন করে ১ জানুয়ারি শহরের কামালনগর এলাকার ওই বাড়িটি ভাড়া নেওয়া হয়। ১২ জানুয়ারি জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িটিতে ওঠেন।
আবু তালেব আরও জানান, খুলনা থেকে রোববার দুপুরে খুলনা মহানগর শিবিরের সদস্য আজিজুল ইসলাম ও শিবিরের কর্মী মো. আক্তার সাতক্ষীরায় আসেন। তাঁদের আপ্যায়ন করানোর জন্য ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে বিকেলে তাঁদের সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই এ ঠিকানার খবর পেয়ে পুলিশ তাঁদের ঘেরাও করে ফেলে।
তবে খুলনা মহানগর শিবিরের সদস্য আজিজুল ইসলাম (গুলিবিদ্ধ) একেক সময় একেক রকম কথা বলেন। তিনি বলেন, মোজাফফর গার্ডেনে বেড়াতে যাওয়ার জন্য তাঁরা দুজন সাতক্ষীরায় এসেছিলেন। শহরে দেখা হয়ে যাওয়ার পর গুলিতে নিহত আমিনুর রহমান ও আহত আবু তালেব তাঁদের ওই বাড়িতে নিয়ে যান। আবার বলেন, তাঁর বিয়ের জন্য মেয়ে দেখতে সাতক্ষীরায় এসেছিলেন। কোথায় মেয়ে দেখার কথা ছিল বললে চুপ থাকেন।
তবে শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এক যৌথ বিবৃতিতে দাবি করেন, মাসিক সাংগঠনিক বৈঠক চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে সাতক্ষীরা শহর শাখার শিবিরের সেক্রেটারি আমিনুর রহমানকে হত্যা ও ১০ জনকে গুলিবিদ্ধ করে।
কামালনগর এলাকার নওসের আলী ও বাবলুর রহমান জানান, ওই বাড়িতে সব সময় ফটক দেওয়া থাকত। প্রায়ই লোকজনের আনাগোনা দেখা যেত। স্থানীয় কারও সঙ্গে তাঁরা যোগাযোগ রাখতেন না।
সদর হাসপাতালের চিকিৎসক পরিমল কুমার জানান, গতকাল মঙ্গলবার আমিনুর রহমানের ময়নাতদন্ত করা হয়েছে। বুকে ও ডান পায়ে গুলি লেগে তাঁর মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, অস্ত্র আইনে একটি এবং পুলিশের ওপর হামলা, গোপন বৈঠক করে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় নিহত ও আহতদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনের নাম রয়েছে।