বাড়িতে অগ্নিসংযোগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন কবিরাজ নামের এক সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রয়াত চিত্তরঞ্জন কবিরাজের ছেলে ফারভিন রহমান ওরফে বাবু (ধর্মান্তরিত) প্রথম আলোকে জানান, রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর ভাইয়ের পাকা ভবনের জানালা লক্ষ্য করে কয়েকটি ইটের টুকরো নিক্ষেপ করে। তখন ভয়ে তিনি বসতঘর থেকে বের হননি। কিছুক্ষণ পর ঘরের জানালা দিয়ে রান্না ঘরে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নেভান। এরপর তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন।
ফারভিন রহমান আরও জানান, গত কিছুদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর ও তাঁর মা বকুল রানী দাসের মুঠোফোনে ফোন করে প্রথমে এক লাখ, পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। তাই অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে চাঁদা দাবির যোগসূত্র থাকতে পারে বলে তাঁর ধারণা।
সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, আগুন কেউ লাগিয়েছে, নাকি রান্নার চুলা থেকে লেগেছে তা নিশ্চিত নয়।