বাড়িতে ও কারখানায় সিএনজির অবৈধ ব্যবহার বন্ধ হয়নি
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সিলিন্ডারের মাধ্যমে শিল্পকারখানা ও বাসাবাড়িতে জ্বালানি হিসেবে অবৈধভাবে ব্যবহার এখনো বন্ধ হয়নি। এভাবে সিএনজি ব্যবহার বন্ধে বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালক নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ফলে সিএনজি স্টেশনগুলোও অবৈধভাবে গ্যাস বিক্রি চালিয়ে যাচ্ছে। গত ২০ জুলাই প্রথম আলোতে ‘যানবাহনের গ্যাস পুড়ছে বাড়িতে ও কলকারখানায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।সিএনজি স্টেশন থেকে যানবাহন ছাড়া অন্য যেকোনোভাবে গ্যাস সরবরাহ করা সরকারিভাবে নিষিদ্ধ। একইভাবে খোলা সিলিন্ডারে গ্যাস বহন করে বাসাবাড়িতে বা কারখানায় ব্যবহার করাও অপরাধ।১১ আগস্ট সরেজমিন দেখা গেছে, বেলা ১১টায় টঙ্গীর ব্লেজ সিএনজি স্টেশনে ভিয়েলাটেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ভ্যানে স্থাপন করা সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে এভাবে গ্যাসভর্তি সিলিন্ডার বহন করার কারণ জানতে চাইলে ভ্যানচালক আবদুল হালিম (ছদ্মনাম) বলেন, ‘একসিডেন অইলে ক্ষতি অইব তা তো জানি। কী করুম কোম্পানির কাজ, না করলে বেতন পামুনি?’জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, কারখানা ও বাসাবাড়িতে অবৈধভাবে সিএনজি ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালক জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘খোলা ভ্যানে সিলিন্ডার স্থাপন করে সিএনজি গ্যাস বহন ও ব্যবহার জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এভাবে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে সিএনজি গ্যাস ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোহসীন বলেন, ভোক্তা অধিকার আইনের আওতায় এভাবে ঝুঁকিপূর্ণভাবে ভ্যানে স্থাপিত সিলিন্ডারে বহন করে অবৈধ গ্যাস বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।