বাড়িতে গান বাজানোয় হামলার শিকার হওয়ার অভিযোগ চবি শিক্ষকের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ আলী আর রাজী অভিযোগ করেছেন, নাটোরে তাঁর নিজের বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলার সময় সেখানে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে হুমকি–ধমকি দেওয়া হয়েছে। এমনকি দুর্বৃত্তদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ারও অভিযোগ করেছেন তিনি।
নাটোর শহরের বরগাছা পালপাড়ায় শিক্ষক খ আলী আর রাজীর বাড়ি। ১৪ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপূজার নবমীর রাতে এ হামলা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর রহমান প্রথম আলোকে বলেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আলী আর রাজী। সেখানে ঘটনার বর্ণনা দেন তিনি। আলী আর রাজী জানান, পরিবার নিয়ে ১১ অক্টোবর নাটোর গিয়েছিলেন। বাসায় আগত নতুন অতিথিকে বরণ করতে গত বৃহস্পতিবার অর্থাৎ দুর্গাপূজার নবমীর দিন উৎসবের আমেজ ছিল সেখানে। মেয়েরা নিয়েছিল শরতের সাজ। উল্লাস হইচই করছিল মেয়েরা। আর স্পিকারে গান বাজছিল। রাত সোয়া আটটার দিকে হঠাৎ একদল তরুণ বাসার প্রধান দরজায় অবস্থান নেন। পরে গেট খুলতেই বেশ কিছু তরুণ তাঁকে ধমক দেন। তরুণেরা গালি দিয়ে বলতে থাকেন, ‘তোরা এখানে কী করিস? এখানে মাদ্রাসা আর তোরা এসব কী করিস?’
শিক্ষক আলী আর রাজী ঘটনার বর্ণনা দিয়ে আরও লেখেন, ‘আমি হকচকিয়ে যাই। বলার চেষ্টা করি, এটা বাসাবাড়ি। আপনারা কারা? আপনারা এসব জিজ্ঞেস করার কে? এসব প্রশ্ন করার পর তরুণদের একজন বলেন, ‘মাদ্রাসার সামনে এসব চলবে না। বন্ধ কর এসব।’ এরই মধ্যে একজন ধুম করে আমার বুকের নিচে ঘুষি বসিয়ে দেন। পরে আমি দ্রুত পকেট গেটটা টেনে ওদের নাগালের বাইরে চলে যাই।’
তরুণেরা ইট দিয়ে ফটকে হামলা করেছেন বলেও অভিযোগ করেছেন আলী আর রাজী। এতে ফটক ছিদ্র হয়ে যায়।
এ ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে শিক্ষক খ আলী আর রাজী লিখেছেন, ‘আমাদের বাসাটা হিন্দুপাড়ায়। পালপাড়া নাম। বাসার তিন দিকেই হিন্দুবাড়ি। আমাদের বাসার দোতলায় ভাড়া থাকেন এক হিন্দু পরিবার। সামনের দিকটায় সরু রাস্তা। সেই রাস্তার পাশে শত বছরের প্রাচীন কালীমন্দির। তারই পাশে ফাঁকা এক ছোট জায়গায় বছর দুয়েক হয় গড়ে উঠছে মাদ্রাসা। সেই মাদ্রাসার কথা বলে হামলা হয়ে গেল আমাদের বাসায়। আর সেদিন ছিল নবমীর দিন। হিন্দুপাড়া হলেও কুমিল্লার দুর্ঘটনার কারণে হিন্দুরা ছিল খুব চুপচাপ, দুয়ার দিয়ে ছিল প্রায়। সেখানে আমাদের বাসায় মেয়েরা হল্লা করছিল। বাসার ও আঙিনার সমস্ত আলো জ্বলছিল। গেটের নকশার কারণে বাহির থেকে দেখা যায় আমাদের বাড়ির আঙিনা। আমার মুক্তিযোদ্ধা দুই কাকার ভাস্কর্যসহ কিছু ভাস্কর্য রয়েছে আমাদের বাসায়। ওই তরুণেরা যেটুকু দেখতে পেয়েছে তাতে হয়তো ধরে নিয়েছিল, এটা একটা হিন্দুবাড়ি। এ ছাড়া ওই ছেলেদের চেহারা ছিল বখে যাওয়া, নেশাসক্তদের মতো। তাদের চুলের ছাট, পরিধেয় কিছুতেই কোনো ধর্মের সামান্য ছোঁয়াও ছিল না। কিন্তু তারা হামলার ভিত্তি তৈরি করতে চেয়েছে, মাদ্রাসার নামে।’
শিক্ষক আলী আর রাজী প্রথম আলোকে বলেন, পুলিশের সদস্যরা বাসায় ঘুরে গেছেন। অভয় দিয়েছেন আর কিছু হবে না।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর ওই শিক্ষকের বাসায় যান তিনি। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।