বাড়িতে ঘুমাতেও পারেননি বাঘার তুলসীপুর গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিয়াক পার কইরি দিচি নানির বাড়িত। সারা রাত গমের ভুঁইয়ে কাটাইছি। রাইতে বাড়িত আগুন দিবি, আবারও লুটপাট করবি। সারা দিন কারও খাওয়া নাই।’ এভাবেই গতকাল সোমবার দুপুরে কান্নাজড়িত কণ্ঠে নিজেদের আতঙ্কের কথা বলছিলেন রাজশাহীর বাঘা উপজেলার তুলসীপুর গ্রামের গৃহিণী মুঞ্জেরা বেগম।
জামায়াত-বিএনপির ফের হামলার আশঙ্কায় মুঞ্জেরার মতো সারা গ্রামের মানুষ গত রোববার রাতে বাড়িতে ঘুমাতে পারেনি। ২৪ ঘণ্টা পর গতকাল দুপুরে পুলিশ ঘটনা তদন্তে যায়।
জামায়াত ও বিএনপি-অধ্যুষিত আশপাশের তিনটি গ্রামের লোকজন রোববার তুলসীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে না পেরে তাদের গ্রামে হামলা চালিয়ে চার শতাধিক আমগাছ হত্যা করে। শতাধিক ছাগল ও একটি গরু লুট করে নিয়ে যায়।
গতকাল দুপুরে তুলসীপুর গ্রামের গিয়ে দেখা যায়, ইউপি সদস্য আবদুল হামিদের বাড়িতে গ্রামের পুরুষেরা জড়ো হয়েছেন। নবনির্বাচিত সাংসদ শাহরিয়ার আলম তাঁদের দেখতে আসবেন বলেই তাঁরা সাহস করে সেখানে যান।
আবদুল হামিদ বলেন, গ্রামে হামলার কারণে তাঁদের গ্রামের মানুষ ঠিকমতো ভোটই দিতে পারেনি। এখন বাড়িতেও ঘুমাতে পারছে না।
ছাগল হারানো নারীদের কান্না: গ্রাম থেকে যাঁদের ছাগল লুট করে নিয়ে যাওয়া হয়েছে, তাঁরা সবাই দুস্থ নারী।
সাংসদ আসছেন শুনে প্রায় ২০ জন নারী আবদুল হামিদের বাড়ির পাশে জড়ো হন। বৃদ্ধা সরেজানের পাঁচটি, শাহানাজ বেগম, বেহুলা খাতুন, ববিতা খাতুনের তিনটি করে ছাগল লুট হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, কোথায় ছাগল লুট হয়েছে, তা তাঁরা জানেন না। তাঁদের কাছে কেউ এ ধরনের অভিযোগও করেননি।
বিদ্যালয়ে যাওয়া হচ্ছে না: গ্রামের প্রায় ২০ জন ছাত্রী হামলাকারীদের ভয়ে গ্রামের ভেতর দিয়ে বিদ্যালয়ে যায়। তাদের গতকাল আর বিদ্যালয়ে যাওয়া হয়নি।
গ্রামের একজন শিক্ষক বলেন, হামলার ভয়ে গ্রামের তরুণীদের আগেই অন্য গ্রামে আত্মীয়স্বজনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পরে আবদুল হামিদের বাড়ির সামনে আয়োজিত সমাবেশে সাংসদ শাহরিয়ার আলম পুলিশের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি গ্রামের মানুষকে প্রতিরোধ কমিটি করে হামলাকারীদের মোকাবিলা করার আহ্বান জানান।