বাড়িতে ঠাঁই পেল সেই স্কুলছাত্রী
দিনাজপুরের পার্বতীপুরে অসম বিয়ের শিকার হয়ে বাড়িছাড়া মেধাবী স্কুলছাত্রীকে তার বড় ভাইয়ের জিমঞ্চায় বাবার বাড়িতে থাকার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘অসম বিয়ে না মানায় পার্বতীপুরে স্কুলছাত্রী বাড়ি ছাড়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন তৎপর হয়ে ওঠে। ইউএনও রাহেনুল বৃহস্পতিবার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলামকে ঘটনাস্থলে পাঠান। ফাহমিদা ইসলাম বলেন, তিনি ঘটনার সত্যতা পেয়ে ওই দিনই ইউএনওর কাছে প্রতিবেদন জমা দেন। বৃহস্পতিবার গভীর রাতে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী (ওসি) ও পরিদর্শক (তদন্ত) আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশ উত্তর পলাশবাড়ী গ্রাম থেকে ছাত্রীর বড় ভাই মো. ফারুক (২২) ও শেরপুর তেলীপাড়া গ্রাম থেকে ছাত্রীর বিয়ের ঘটক ও খালু আমিনুল ইসলামকে (২৭) আটক করে থানায় নিয়ে আসে। গতকাল শুক্রবার দুপুরে ইউএনও রাহেনুল ইসলাম আদালত বসিয়ে আমিনুল ইসলামকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেন ও বড় ভাই মো. ফারুককে এক হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া আদালত ওই স্কুলছাত্রীকে তার বড় ভাইয়ের জিমঞ্চায় বাবার বাড়িতে বসবাসের নির্দেশ দেন।