বাড়িতে ঢুকে গুলি, গৃহকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুল আমিন (৭৫) নামের এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আবদুল আমিনের স্ত্রী, মেয়ে ও নাতি। সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়া এলাকায় আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কোয়াইনছড়ি এলাকার বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামসুল আলম মেম্বার ও স্থানীয় বাসিন্দা আবদুল আমিনের সঙ্গে দীর্ঘদিন করে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছিল। আজ এ নিয়ে টেকনাফ থানায় উভয় পক্ষের মধ্যে সালিসি বৈঠকের দিন ধার্য ছিল।

পরিবারের লোকজন জানান, ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আবদুল আমিন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আমিনের স্ত্রী নুর জাহান (৫৭), মেয়ে হাসিনা খাতুন (৩০), নাতি সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তোফাইল (১৪)।

পরে স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে এগিয়ে এলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। ওই সময় তাঁরা গুরুতর আহতদের প্রথমে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিত্সক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে থানা পুলিশের এএসআই মো. দেলোয়ারের নেতৃত্বে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের আবদুস সালামের ছেলে মীর হোসেন (৩৫) ও ছৈয়দ আহমদ (৩০), শামসুল আলমের স্ত্রী নুর জাহান (৪৫) ও মেয়ে রুনা বেগমকে (২৫) আটক করে থানায় নিয়ে যান।

এএসআই মো. দেলোয়ার জানান, দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ থানায় ছিল। খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাইপো জিয়াউর রহমান জানান, স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম মেম্বারের নেতৃত্বে ভোররাতে চাচার বসতবাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে এ খুনের ঘটনা ঘটানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।