বাড়িতে ঢুকে ছাত্রলীগ নেতার হামলা, লুটপাটের অভিযোগ
ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে নড়াইল শহরের একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে শহরের মুচিপোল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মুচিপোল এলাকার বাসিন্দা চুনিলাল ভট্টাচার্য তাঁর নিজের গাছ থেকে আমড়া ফল পাড়ছিলেন। এ সময় আনছার মিয়া নামের এক ব্যক্তি আমড়াগুলো জোর করে নিজের একটি ব্যাগে তুলে নিচ্ছিলেন। এ নিয়ে চুনিলালের সঙ্গে আনছার মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে এলাকাবাসী আনছারকে মারধর করেন। এরপর আনছার মিয়া তাঁর মেয়ের জামাই জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাদিয়ার রহমানকে খবর দেন। পরে ছাদিয়ার রহমান ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে চুনিলালের বাড়িতে হামলা চালান। চুনিলাল ভট্টাচার্যের পুত্রবধূ বলেন, ‘১০ থেকে ১৫ জন সন্ত্রাসী আমাদের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। তারা বাড়ির লোকদের রড দিয়ে পেটায় এবং আমার গলা ও কানের সোনার চেইন ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় বাড়ির তিনজন সদস্য গুরুতর আহত হন।’নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ছাদিয়ার রহমানের নেতৃত্বে অলিদ, মুকুল, সবুজ, রনি, রয়েল, শরিফুল, তুহিন, সোহানসহ ছাত্রলীগের ১৫-১৬ জন ক্যাডার এই হামলায় অংশ নেয়।এ ব্যাপারে জানতে চাইলে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল বলেন, ছাদিয়ার রহমান জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, অলিদ পৌর ছাত্রলীগের সভাপতি, মুকুল পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক। অন্যরা ছাত্রলীগের সঙ্গে জড়িত কি না, তা তিনি জানেন না।হামলার কথা স্বীকার করে ছাদিয়ার রহমান বলেন, তাঁর শ্বশুর আনছার মিয়াকে চুনিলালের বাড়িতে ধরে নিয়ে মারধর করা হয়। তিনি বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় চুনিলাল ভট্টাচার্য বাদী হয়ে ছাদিয়ার রহমানসহ ১৩-১৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিথুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।