বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দোকানঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এক মুক্তিযোদ্ধার বাড়ির সামনের সরকারি রাস্তার জায়গা ইজারা নিয়ে সেখানে দোকানঘর নির্মাণ করছেন। এতে কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে ওই মুক্তিযোদ্ধার পরিবার।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকশৌলী ও মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান দীর্ঘদিন আগে বাগমারার তাহেরপুর মৌজায় সরকারি রাস্তা-সংলগ্ন ১৭৫৭ ও ১৭৫৯ নম্বর দাগে ৩৯ শতাংশ জমি কিনে সেখানে বাড়ি ও দোকানঘর নির্মাণ করেন। সাঈদুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে তাঁর স্ত্রী আছিয়া রহমান ও সন্তানেরা ওই জায়গা ভোগদখল করে আসছেন। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী ইউসুফ খন্দকার ও তাঁর ছেলে শাহীন খন্দকার ওই বাড়ির সামনের রাস্তা (দাগ নং-১৭৪৩) দখল করে ১১টি পাকা ঘর নির্মাণ শুরু করেন। এতে ওই বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। বাড়ির লোকজন নিরুপায় হয়ে অন্যের জমির ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।আছিয়া রহমান বলেন, ‘আমি এ ব্যাপারে ইউএনও, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে জানিয়েছি। তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কার্যকর কিছুই করছেন না।’ নাটোর জেলা জজ আদালতের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, সর্বসাধারণের ব্যবহূত কোনো রাস্তা, জলাশয় বা মাঠ সরকার ইজারা দিতে পারে না। ইউসুফ খন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে শাহীন খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা সরকার থেকে বরাদ্দ নেওয়া জমিতেই ঘর নির্মাণ করছেন। সাঈদুরের পরি-বারকে অবরুদ্ধ করা হয়নি। বাগমারার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে ময়মনসিংহের নান্দাইলের ইউএনও আবদুল হামিদ মিয়া বলেন, নিয়ম মেনেই তৎকালীন বিভাগীয় কমিশনারের নির্দেশে জায়গাটি ইউসুফ খন্দকারসহ ৩২ জনকে ইজারা দেওয়া হয়েছে। বাগমারার ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, ‘আমি ভূমি কার্যালয় থেকে বিষয়টি সম্পর্কে জেনে তা খতিয়ে দেখব।’