বাড়িতে প্রসব করে সন্তান হারানো সেলিনার গল্প

সেলিনাদের মতো বিপুলসংখ্যক নারী এখনো বাড়িতে সন্তান প্রসবের মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর কুড়িল বাজার থেকে অল্প দূরে পকেটগেট নামক স্থানে সেলিনার (৩৮) এক কক্ষের বাসা। সেলিনার বাসা থেকে দুই দিকে ১৫–২০ মিনিটের হাঁটাপথের দূরত্বে দুটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। একটি মিয়াবাড়ী স্থানে স্থানীয় সরকার বিভাগের নগর স্বাস্থ্যকেন্দ্র–৫। অপরটি সরকার বাড়ী স্থানে ব্র্যাক মেটারনিটি সেন্টার (মাতৃস্বাস্থ্য কেন্দ্র)। সেলিনার বাসা থেকে এক কিলোমিটারের মধ্যে সরকারি সেবাকেন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। গত মঙ্গলবার রাত আটটায় সেলিনার বাসায় বসে কথা হলো তাঁর সঙ্গে। এই কক্ষেই মার্চ মাসের এক ভোরে তাঁর মেয়েসন্তানের জন্ম হয় এবং আট ঘণ্টা পর শিশুটি মারা যায়। এটি ছিল তাঁর চতুর্থ সন্তান।

আশপাশে স্বাস্থ্যকেন্দ্রবেষ্টিত নগরে বাস করেও বাড়িতে সন্তান প্রসবের ঝুঁকি কেন নিলেন, সেলিনার সে উত্তর খুঁজতে গিয়ে প্রচলিত কিছু ‘কথা’ই জবাব হিসেবে পাওয়া গেল। অর্থাৎ দারিদ্র্য, অসচেতনতা এবং দরিদ্র পরিবারের জন্য এলাকাভিত্তিক যথাযথ স্বাস্থ্যসেবার অভাব। টানাটানির সংসার থেকে সন্তান জন্মদানের জন্য খরচ করতে চাননি সেলিনা। স্বামী নির্মাণশ্রমিক মানিক মিয়ারও তাগিদ ছিল না। বাসার কাছে যে স্বাস্থ্যকেন্দ্র দুটি আছে, তাতে স্বল্পমূল্যের সেবাব্যবস্থা থাকলেও বিনা মূল্যের নয়। ফলে এখনো সেলিনার মতো বিপুলসংখ্যক নারী বাড়িতে সন্তান প্রসবের মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। সেই বাস্তবতায় ‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্যকেন্দ্রে হবে যেতে’ প্রতিপাদ্য নিয়ে আজ ২৮ মে শনিবার নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে।

আরও পড়ুন

বাড়িতে কী হারে সন্তান প্রসবের ঘটনা ঘটছে, তা সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসের ২০২০’ তথ্য অনুসারে বাড়িতে প্রসব হচ্ছে ৩৩ শতাংশের কিছু বেশি। অদক্ষ ব্যক্তিদের হাতে প্রসব হয় ২০ শতাংশ। ২০১৯ সালে বাড়িতে প্রসব হয়েছিল ৩৫ শতাংশ। বিবিএস ও ইউনিসেফের যৌথ প্রতিবেদন মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯ অনুসারে, বাড়িতে প্রসব হয় ৪৬ শতাংশ। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০১৭–১৮ অনুসারে বাড়িতে প্রসব হয় ৫০ শতাংশ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশুস্বাস্থ্য সেবা) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে বাড়িতে প্রসব কমিয়ে ২০৩০ সালে হাসপাতালে প্রসব সেবা ৭০ শতাংশে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। জনবলসংকটের কারণে সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ২৪/৭ সেবা দেওয়া যাচ্ছে না। এ সমস্যার সমাধান করলে লক্ষ্যে পৌঁছানো কঠিন নয়।

বাড়িতে প্রসবের ৮ ঘণ্টা পর মৃত্যু হয় সেলিনার সন্তানের। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা
ছবি: প্রথম আলো

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, সারা দেশে তাদের পরিচালিত সেবাকেন্দ্রে এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ১ হাজার ১১৬টি নবজাতক ও ১৮০ জন মায়ের মৃত্যু হয়েছে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবাকেন্দ্রে ২৯ নবজাতক ও ১৩৮ মায়ের মৃত্যু হয়েছে।

সেলিনার সন্তানের মৃত্যুর দায় কার–কতটা

সেলিনা এক মেয়ে ও দুই ছেলের মা। চতুর্থ গর্ভধারণের আগে তিনি চারটি বাসায় গৃহ সহকারীর কাজ করতেন। গর্ভধারণের পাঁচ মাসের মধ্যে শারীরিক জটিলতার কারণে সব কাজ ছেড়ে দিতে বাধ্য হন। স্বামী মানিক মিয়া নির্মাণশ্রমিক। সন্তান প্রসবের সময় ধাত্রীকে ডাকা হলেও তিনি আসেননি। পাশের বাসার ‘আপা’ আর ‘ভাবি’ নাড়ি কাটেন। সদ্য জন্ম নেওয়া সন্তান ‘অস্থির অস্থির’ করতে থাকলে দুপুরের দিকে সেলিনার স্বামী মানিক মিয়া কাছাকাছি নর্দ্দা এলাকার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

‘আমি হাসপাতালে যাওন লাগবনি কইছি, ও (সেলিনা) কইছে লাগব না। তা ছাড়া আমার তিন ছেলে-মেয়ে বাড়িতেই হইছে, কোনো অসুবিধা হয় নাই।’
মানিক মিয়া, সেলিনার স্বামী

প্রসবের সময় হাসপাতালে না যাওয়ার বিষয়ে মানিক মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি হাসপাতালে যাওন লাগবনি কইছি, ও (সেলিনা) কইছে লাগব না। তা ছাড়া আমার তিন ছেলেমেয়ে বাড়িতেই হইছে, কোনো অসুবিধা হয় নাই।’

কেন সন্তান প্রসবের জন্য হাসপাতাল বা বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে যেতে চাননি, জানতে চাইলে সেলিনা ‘অনেক টাকা লাগে’ বলে মন্তব্য করেন। বললেন, নগর স্বাস্থ্যকেন্দ্রে গেলে অন্য জায়গায় (উত্তরায়) পাঠিয়ে দেয়। পাশের বাড়ির ‘ভাবি’কে সেখানে পাঠিয়ে দেওয়ার পর অস্ত্রোপচারে (সিজারিয়ান সেকশন) সন্তান জন্ম দিতে ২০ হাজার টাকা খরচ হয়েছে। তাঁর কাছেও এসেছিল। তাঁদের কাছ থেকে ৭ পাতা আয়রন আর ক্যালসিয়াম ট্যাবলেট ২০০ টাকায় কিনেছিলেন। ব্র্যাকে গেলেও সব মিলিয়ে সাড়ে ৩ হাজার টাকা লাগে। এ ছাড়া তাঁর প্রতিবেশী নার্গিসের সাত মাস আগে বাড়িতেই সন্তান প্রসব হয়েছে, কোনো সমস্যা হয়নি। এটাও তাঁকে সাহস জুগিয়েছে। কুর্মিটোলায় সরকারি হাসপাতালে যেতে পারতেন। জবাবে বলেন, ‘ভোরবেলা ব্যথা উঠছে। হাসপাতালে যাওয়ার সিএনজি (অটোরিকশা) ভাড়াও ছিল না।’

জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে বাড়িতে প্রসব কমিয়ে ২০৩০ সালের মধ্যে হাসপাতালে প্রসবসেবা ৭০ শতাংশে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
মাহমুদুর রহমান, সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশু স্বাস্থ্যসেবা)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা অনুসারে, গর্ভধারণের পর থেকে প্রসব পর্যন্ত একজন মাকে অন্তত আটবার স্বাস্থ্যকেন্দ্রে এসে সেবা নিতে হয়। তবে দেশের স্বাস্থ্য নির্দেশনায় এই সেবা অন্তত চারবার নেওয়ার কথা উল্লেখ আছে। সেলিনা জানিয়েছেন, তিনি গর্ভধারণের পর সাত মাসের সময় এবং সন্তান জন্ম নেওয়ার ১০ দিন আগে এই দুইবার বাড়ির কাছে এক চিকিৎসককে দেখিয়েছিলেন। গর্ভকালীন একবারও আলট্রাসনোগ্রাম বা কোনো ধরনের পরীক্ষা করাননি।

সেলিনা কেন স্বাস্থ্যকেন্দ্রে গেলেন না, তা বুঝতে পরদিন বুধবার সকাল সাড়ে ৯টায় প্রথমে কুড়িলের নগর স্বাস্থ্যকেন্দ্র–৫ এবং পরে ব্র্যাক মাতৃস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে খোঁজ করতে গিয়ে জানা গেল, দুটি স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসক দেখানো, পরীক্ষা করানোসহ যেকোনো সেবা নিতে অর্থ লাগে। সিটি করপোরেশন বেসরকারি সংস্থার মাধ্যমে প্রকল্প ভিত্তিতে নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করে। কুড়িলের কেন্দ্রটিতে অন্তঃসত্ত্বা নারীদের সেবা দেওয়া হলেও প্রসবের ব্যবস্থা নেই। কেন্দ্রের কর্মীরা নিম্ন আয়ের পরিবারে গিয়ে প্রসবের জন্য উত্তরার নগর স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলেন। উত্তরায় স্বাভাবিক ও অস্ত্রোপচারে শিশু জন্মের ব্যবস্থা রয়েছে। কুড়িলের স্বাস্থ্যকেন্দ্রের নিবন্ধন খাতা অনুসারে, এপ্রিল মাসে ৯০৫ জন সেবা নিয়েছেন। এর মধ্যে অন্তঃসত্ত্বা নারী ছিলেন ১১১ জন। এর মধ্যে ৫৮ জন লাল কার্ডধারী বিনা মূল্যের সেবা পেয়েছেন। কেন্দ্র থেকে ৩০ শতাংশ দরিদ্র নারী ও তাদের পরিবারের জন্য বিনা মূল্যের চিকিৎসাসেবা পেতে লাল কার্ড দেওয়া হয়। দরিদ্র হলেও সেলিনার সেই কার্ড ছিল না। কেন্দ্রটি সেলিনার সন্তানের মৃত্যুর বিষয়ে অবগত নয়।

ব্র্যাকের মাতৃস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেলিনার সন্তানের মৃত্যুর বিষয়টি তাদেরও নথিভুক্ত হয়নি। তারা শুধু মাতৃমৃত্যুর তথ্য নথিভুক্ত করে। কেন্দ্রের এলাকাভিত্তিক ব্যবস্থাপক মির্জা হাফিজ প্রথম আলোকে বলেন, তাঁদের সাতজন মাঠকর্মী নিম্ন আয়ের পরিবারের অন্তঃসত্ত্বা মায়েদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন এবং স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রসব করানেরা জন্য উৎসাহিত করে। বেশি দরিদ্র হলে সেবায় অর্থছাড় দেন। তিনি প্রথম আলোর কাছে সেলিনার সন্তানের মৃত্যুর তথ্য জেনে কেন্দ্রের একজন মাঠকর্মীর কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চান। ওই মাঠকর্মী তাঁকে জানান, বাড়িতে প্রসব করতে গিয়ে সেলিনার সন্তানের মৃত্যুর তথ্য তিনি জেনেছিলেন। এর আগে তিনি সেলিনাকে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর জন্য তাগিদ দিয়েছিলেন। তবে সেলিনা আগ্রহ দেখাননি।

ব্র্যাকের মাতৃস্বাস্থ্য কেন্দ্রে এপ্রিল মাসে ১৭২ জন অন্তঃসত্ত্বা নারী সেবা নিয়েছেন। এর মধ্যে ৭ জন সন্তান প্রসব করেছেন। এ ছাড়া মাঠকর্মীদের কাছ থেকে কেন্দ্র জেনেছে ওই মাসে এলাকায় ১০ জনের বাড়িতে সন্তান প্রসব হয়েছে। এর মধ্যে মাত্র তিনজন প্রশিক্ষিত ধাত্রী দিয়ে প্রসবসেবা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মতো স্থানীয় সরকার বিভাগের নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রসবসেবা সম্পূর্ণ বিনা মূল্যের নয়। এটা নগরের দরিদ্র গর্ভবতী মায়েদের সেবা পেতে বাধা কি না, জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, সরকার এই কেন্দ্রগুলোতে দরিদ্রদের জন্য ৩০ শতাংশ বিনা মূল্যের সেবার ব্যবস্থা রেখে পরিকল্পনা সাজিয়েছে। অসচেতনতার কারণেই অনেক পরিবার স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রসবসেবা নেন না।

বাড়িতে প্রসবের ঝুঁকি

রাজধানীর কামরাঙ্গীরচরে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেদসাঁ সঁ ফ্রোঁতিয়েরের (এমএসএফ) বা ডক্টরস উইদাউট বর্ডারসের একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কেন্দ্রটিতে গর্ভকালীন সব সেবা বিনা মূল্যের। তবে প্রসবের ব্যবস্থা নেই। এমএসএফের বিনা মূল্যের টোকেন নিয়ে হাসপাতালে গিয়ে প্রসবসেবা নেওয়া যায়। এপ্রিল মাসে টোকেন নিয়ে ১০০টি সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। এলাকায় প্রতি মাসে ৮–১০ জনের বাড়িতে সন্তান প্রসবের ঘটনা ঘটে বলে প্রথম আলোকে জানিয়েছেন ওই কেন্দ্রের মেডিকেল সুপারভাইজার ফাতেমা ফেরদৌসী। তিনি বলেন, গর্ভ–পরবর্তী সেবা নিতে এলে এই তথ্য তাঁরা পান। বাড়িতে অদক্ষ ধাত্রীর হাতে প্রসবের কারণে কোনো কোনো নারীর যোনিপথ ছিঁড়ে যায়। তাঁরা পরে সেবা নিতে আসেন। তিনি বলেন, বাড়িতে বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবের কারণে সন্তান ও মায়ের মৃত্যুঝুঁকি থাকে। দীর্ঘ সময় জরায়ুমুখে সন্তান আটকে থাকলে নারীর ফিস্টুলা (অনবরত প্রস্রাব বা পায়খানা ঝরতে থাকা) হতে পারে। প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে বাড়িতে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এতে মায়ের মৃত্যু হতে পারে। এ ছাড়া জন্মের পরপর নবজাতকের যত্নের প্রয়োজন, হাসপাতাল ছাড়া যা যথাযথভাবে করা সম্ভব নয়।

এমএসএফের কামরাঙ্গীরচর কেন্দ্র থেকে এপ্রিল মাসে কেন্দ্রে গর্ভকালীন সেবা নিয়েছেন ১ হাজার ৪৬৮ জন এবং গর্ভ–পরবর্তী সেবা নিয়েছেন ২৭২ জন।