বাড়িতে যন্ত্রণায় ছটফট করছে অগ্নিদগ্ধ শিশুটি
টাকার অভাবে ওষুধ কিনে দিতে না পেরে সাত বছরের এক অগ্নিদগ্ধ শিশুকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে তার পরিবার। তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে। পোড়া শরীর নিয়ে বাড়িতে যন্ত্রণায় ছটফট করা এই শিশুর নাম মারুফা খাতুন।
মারুফা মাগুরার হাজিপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামের ভ্যানচালক আবদুল কুদ্দুস বিশ্বাসের মেয়ে ও নড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। ১৬ জানুয়ারি নিজ বাড়িতে আগুন নিয়ে খেলা করার সময় তার গায়ের কাপড়ে আগুন লেগে যায়। এতে তার বুক-পিঠ ও বাম পায়ের অনেকটা অংশ পুড়ে যায়।
মারুফার বাবা আবদুল কুদ্দুস জানান, তাঁর দুই মেয়ে আর এক ছেলে। বড় মেয়ে মুক্তির বয়স নয় বছর, আর ছোট ছেলে ইব্রাহিমের বয়স সাত মাস। মেজ মেয়ে মারুফা প্রথম শ্রেণিতে পড়ে। তিনি জানান, ১৬ জানুয়ারি মারুফা স্কুল থেকে বাড়ি ফেরে। এ সময় তার মা হাসপাতালে গিয়েছিলেন। আর তিনি ভ্যান চালাতে বেরিয়ে যান। বাড়িতে একা মারুফা বলপেনে আগুন লাগিয়ে ফুঁক দিয়ে ফোলানোর খেলা করছিল। হঠাৎ তার গায়ে থাকা জামায় আগুন লেগে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে হাসপাতালে নেন। বিকেলে মারুফাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ শিশুটিকে হাসপাতালে ভর্তির এক দিন পরই তার পরিবারের লোকজন বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
তবে সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, শিশুটির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার যে অবস্থা, তাতে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া জরুরি। তাঁরা শিশুটিকে হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু তার পরিবার এখানে রাখতে চায়নি। রোগী নিয়ে চলে যাওয়ার সময়ও তাঁরা আপত্তি করেছিলেন।
মারুফার বাবা স্বীকার করেন, চিকিৎসকেরা তাঁদের হাসপাতাল থেকে আসতে দিতে চাননি। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা করানোর সময় অনেক টাকার ওষুধ কিনতে হচ্ছিল। ডাক্তাররা যে ওষুধ আর ক্রিম লিখে দিচ্ছিলেন, তা তাঁদের পক্ষে কেনা সম্ভব হচ্ছিল না। তা ছাড়া স্ত্রী মোমেনা খাতুনের কোলে রয়েছে সাত মাসের আরেকটি শিশু। তাকে বাড়িতে রেখে হাসপাতালে মারুফাকে দেখভাল করার কেউ ছিল না। এসব কারণে পরদিন তাঁরা হাসপাতাল ছেড়ে বাড়ি চলে আসেন। এখন হাসপাতালের চিকিৎসকদের লেখা ক্রিম ব্যবহার করে নিজ বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন। কিন্তু মেয়ের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে তাঁদের আশঙ্কা। কিন্তু হাসপাতালে রেখে মেয়েকে চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য নেই তাঁদের।