বাড়িতে হামলার পর এবার নলকূপ সেচযন্ত্র লুট
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে গত বৃহস্পতিবার ভোরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর এবার ১৮টি পরিবারের নলকূপ লুট করেছে একপক্ষের লোকজন। মাঠ থেকে খুলে নিয়ে গেছে আটটি সেচযন্ত্র।
এতে পানির অভাবে ভীষণ কষ্টে আছেন বাড়িতে থাকা নারী ও শিশুরা। সেচযন্ত্র খুলে নিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম।
গ্রামের লোকজন জানান, গোপালপুর গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন জামাল ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল মালেক মোল্লা। অপর পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার ভোর ছয়টায় মালেক মোল্লার লোকজন শরিফুলের সমর্থক ৩০টি পরিবারের প্রায় ১০০ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। গুঁড়িয়ে দেয় অনেক ঘর। ভয়ে বাড়ির পুরুষ মানুষগুলো গ্রাম ছেড়ে পালিয়ে যান। ভাঙা বাড়িগুলো পাহারা দিচ্ছেন নারীরা।
একাধিক নারী জানান, হামলাকারীরা বৃহস্পতিবার বিকেলে আমির হোসেন, নিজাম উদ্দিন, আবদুর রাজ্জাক, আফজাল হোসেন, সবদুল হোসেনসহ ১৪টি পরিবারের বাড়ির নলকূপের হাতল খুলে নিয়ে গেছে। এর মধ্যে চারটি নলকূপ খুলে নিয়ে গেছে।
এক নারী জানান, নলকূপ খুলে নিয়ে যাওয়ার পর থেকে পানির কষ্টে আছেন। যেভাবে গরমে পানির জন্য কষ্ট করছেন তাতে মনে হয় না আর বাড়িতে থাকতে পারবেন।
আরেক নারী জানান, পানি পানের প্রয়োজন হলেও গোপনে দূর থেকে পান করে আসতে হচ্ছে।
গ্রাম ছেড়ে পালিয়ে থাকা কয়েকজন ব্যক্তি মুঠোফোনে জানান, মালেক মোল্লার লোকজন সাখাওয়াত হোসেন, আবদুল গফুর, আয়ুব হোসেন, সাহেব আলী, নজরুল ইসলামসহ আট ব্যক্তির ফসলের খেত থেকে সেচযন্ত্র খুলে নিয়ে গেছেন। এতে সেচের অভাবে মাঠের ফসল নষ্ট হবে।
ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, মালেক মোল্লার লোকজন নারীদেরও বাড়িতে থাকতে দেবে না। এ কারণে নলকূপ খুলে নিয়ে গেছে। এখনো ভাঙচুর, লুটপাট ও মহড়া চলছে।
আবদুল মালেক মোল্লা জানান, শরিফুলের লোকজন এর আগে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। এখন ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। বাড়িতে লোকজন না থাকায় তারা নিজেরাই নলকূপগুলো খুলে রেখেছে বলে তিনি দাবি করেন।
যোগাযোগ করা হলে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইউনুচ আলী জানান, এলাকায় পুলিশ পাহারা দিচ্ছে। নতুন করে কোনো ঘটনা ঘটানোর সুযোগ নেই। তবে নলকূপগুলো কেউ খুলে নিয়ে গেছে কি না, তাঁরা খোঁজ নিয়ে দেখবেন। এ জাতীয় কিছু ঘটলে অবশ্যই তা ফেরত দেওয়া হবে।