বাড়িতেই চকলেট ফেসিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকলেট আর কোকো পাউডার দিয়ে বাড়িতেই হতে পারে ফেসিয়াল
চকলেট আর কোকো পাউডার দিয়ে বাড়িতেই হতে পারে ফেসিয়াল

বাড়িতেও চকলেট ফেসিয়াল করতে পারেন। ধাপগুলো জেনে নিন চটপট:
ধাপ-১: প্রথমেই ক্লেনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
ধাপ-২: ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ চিনি, সামান্য কয়েক ফোঁটা ভ্যানিলা ফ্লেভার ও দেড় টেবিল চামচ কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। আঙুলের ডগা দিয়ে মুখে চক্রাকারে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ করে ত্বকের মরা কোষগুলো সরিয়ে নিন।
ধাপ-৩: এবার পালা ফেস মাস্ক তৈরি করার। এটি তৈরি করতে লাগবে ডার্ক চকলেট বার ১টি, ওট মিল ২ চামচ, দুধ প্রয়োজনমতো, চালের গুঁড়া ২ চামচ, ভিটামিন ই ক্যাপসুল ২টি এবং মধু ৪ চা-চামচ। প্রথমে একটি কাচের বাটিতে চকলেট বার নিন। আরেকটি বাটিতে গরম পানি নিয়ে তার ওপর চকলেটের বাটি রাখুন। গরম পানির বাষ্পে বারটি গলিয়ে নিন। এর সঙ্গে দুধ মিশিয়ে নিন ভালোভাবে। এরপর অন্যান্য উপকরণ মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে ঠান্ডা পানির ঝাপটা দিন। ম্যাসাজ শেষে মুখে টোনার লাগান। হতে পারে গোলাপজলের টোনার।
ধাপ-৪: ত্বককে ময়েশ্চারাইজ করুন। বাড়িতেই একটি কোকো ক্রিম তৈরি করতে পারেন। এর জন্য লাগবে ২ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ মাখন ও ১ চা-চামচ মধু। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন।

চকলেট বডি স্ক্রাব
চকলেট বডি স্ক্রাব তৈরি করতে লাগবে আধা কাপ কোকো পাউডার। সঙ্গে ৪ টেবিল চামচ চিনি, ৪ টেবিল চামচ তরল দুধ, ২ টেবিল চামচ অলিভ ওয়েল ও ৪ টেবিল চামচ মধু দিয়ে স্ক্রাব তৈরি করে নিন। সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারবেন।