বাড়িতেই লাইসেন্স ছাড়া ক্লিনিক ব্যবসা পরিবার পরিকল্পনাকর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১২ দিনের ব্যবধানে রাজধানীর মোহাম্মদপুরে আরেকটি অবৈধ চিকিৎসাকেন্দ্রের সন্ধান পাওয়া গেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন কর্মী নিজের বাড়িকেই ‘হাসপাতাল’ বানিয়ে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ গর্ভপাত ও বিভিন্ন অস্ত্রোপচার করছিলেন।র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষয়টি ধরার পর ‘জাহানারা নার্সিং হোম’-এর মালিক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মী জাহানারা বেগমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। গত ২১ জুলাই জাহানারা নার্সিং হোমের কাছাকাছি বাবর রোডে ‘মা মণি জেনারেল হাসপাতাল’-এ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ভুয়া দুই চিকিৎসককে গ্রেপ্তার করে।গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরের মাদ্রাসা রোডে আজিজ মহল্লার ৪/১৫ নম্বর বাড়িতে অবস্থিত ‘জাহানারা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ অভিযান চালান। ওই প্রতিষ্ঠানের মালিক জাহানারা বেগম পরিবার পরিকল্পনা অফিসের পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে কর্মরত। অভিযানে অংশ নেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবুল হাসেম প্রথম আলোকে বলেন, জাহানারা নার্সিং হোম একসময় সামিয়া নার্সিং হোম নামে লাইসেন্স নিয়েছিল। পরে প্রতিষ্ঠানের মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়। সে ভবনেই লাইসেন্স ছাড়া নতুন নার্সিং হোম চালু করা হয়। আবুল হাসেম বলেন, সেখানে অবৈধ গর্ভপাত, ডিঅ্যান্ডসি, অ্যাপেন্ডিসাইটিস, টিউমার ও জরায়ুর ক্যানসারের মতো জটিল সমস্যার অস্ত্রোপচার হচ্ছিল।জাহানারা নার্সিং হোমে গিয়ে দেখা যায়, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ওসমান গনির স্ত্রী তাসলিমা আক্তার একটি শয্যায় পেটের ব্যথায় কাতরাচ্ছেন। তাঁকে প্রথমে আজিমপুর মেটার্নিটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে দালালের মাধ্যমে তাঁকে এখানে পাঠানো হয়েছে। আরেক শয্যায় ছিলেন সাভারের আমিনবাজার এলাকার গৃহবধূ আসিয়া খাতুন। আসিয়া বলেন, তাঁর জরায়ুতে ক্যানসার হয়েছিল। ১৩ হাজার টাকায় এখানে অস্ত্রোপচার হয়েছে। ১৮ দিন ভর্তি থাকার পর তিনি বাসায় চলে যান। ব্যথা বেড়ে যাওয়ায় গত রোববার আবার ভর্তি হয়েছেন।এ প্রতিবেদক তখন হাসপাতালে কোনো চিকিৎসক বা সেবিকাকে দেখেননি।জাহানারা বেগম বলেন, তাঁর স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমেদ ‘সামিয়া নার্সিং হোম’ প্রতিষ্ঠা করেন। পরে তাঁদের দুজনের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়। জাহানারা বেগম বলেন, তিনি আজিমপুর মেটার্নিটি থেকে ‘কিছুটা চিকিৎসাবিদ্যা’ শিখেছেন। পরে ৪২ নম্বর ওয়ার্ডে পরিবার পরিকল্পনা বিভাগের কাজের দায়িত্ব পান। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জায়গা না থাকায় তিনি নিজ প্রতিষ্ঠানে বসে রোগীর সেবা করছেন।র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ক্লিনিকের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পরিবার পরিকল্পনা অফিসের মিরপুর অঞ্চলের মেডিকেল কর্মকর্তা রেহেনা বেগম প্রথম আলোকে বলেন, জাহানারা বেগমের দায়িত্ব ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বসে উদ্বু্বদ্ধকরণ। তাঁর নিজের নার্সিং হোমে বসে রোগী দেখার বিষয়টি শুনেছেন বলে জানান মেডিকেল কর্মকর্তা।