বাড়িফেরত যাত্রীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-ঢাকার মধ্যে চলাচলকারী বাস সার্ভিসগুলোর ভাড়া গতকাল শনিবার থেকে হঠাৎ বাড়ানো হয়েছে। শুক্রবার পর্যন্ত কিশোরগঞ্জ-ঢাকা সড়কের ভাড়া ছিল ১৬০ টাকা। গতকাল ভাড়া আরও ৪০ টাকা বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এ ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসন অবগত নয় বলে জানা যায়।কিশোরগঞ্জ আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কয়েক শ যাত্রী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে পৌঁছায়। বাসভাড়া বেড়ে যাওয়ায় মধ্য ও নিম্নবিত্ত যাত্রীদের অনেকেই টাকার জন্য বাসের টিকিট কিনতে পারছে না।কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের শফিকুল ইসলাম (৪০), আহমদ হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন। তাঁরা জানান, সামান্য বেতনের টাকা দিয়ে ঈদে ছেলেমেয়ের জন্য এবং সংসারের কিছু কেনাকাটা করে কোরবানি দেন। ছুটি শেষে সামান্য কিছু টাকা নিয়ে আসেন কর্মস্থল ঢাকায় ফিরে যেতে। কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখেন, বাসভাড়া বাড়ানো হয়েছে। তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হয়। এমনি করে অসংখ্য যাত্রীকে দেখা যায় বাড়ি ফিরে যেতে।বাসযাত্রী আফরোজা জানান, কিশোরগঞ্জ থেকে মাধবদী যেতে ভাড়া লাগত ১১০ টাকা। কিন্তু গতকাল তাঁকে মাধবদী যেতে ২০০ টাকা দিয়ে বাসের টিকিট কিনতে হয়েছে বলে তিনি প্রতিবেদকের কাছে অভিযোগ করেন।কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার যাতায়াত, কিশোরগঞ্জ ট্রাভেলস, বিআরটিসি ও অনন্যা সার্ভিসের মালিক ও কর্মকর্তাদের সমন্বয়ে এক বৈঠক বসে। বৈঠকে বাসভাড়া ১৬০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।অনন্যা পরিবহন সার্ভিসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ টি এম মোস্তফা জানান, কিশোরগঞ্জ-ঢাকার মধ্যে চলাচলকারী বাস সার্ভিসের মালিকেরা শুক্রবার রাতে বৈঠক করেন। এতে আলাপ-আলোচনা করে সম্মিলিতভাবে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি হননি।জেলা পরিবহন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, বাসভাড়া বাড়ানোর বিষয়ে মালিকপক্ষ বা পরিবহন মালিক সমিতি তাঁর সঙ্গে কোনো আলোচনা করেনি।