জয়পুরহাট-১ আসনের বিএনপির সাংসদ মোজাহার আলী প্রধানের হলফনামায় দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ে তাঁর কথিত অতিরিক্ত চারটি বাড়ির কাগজপত্র দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৪ জুন জয়পুরহাট সদরের সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রারকে এ-সংক্রান্ত কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। মোজাহার আলী প্রধান নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছেন—এ অভিযোগ তুলে তাঁর সদস্যপদ বাতিলের দাবিতে সংশ্লিষ্ট এলাকার ভোটার কাউসার উজ্জামান গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। রুলের ওপর শুনানিকালে গতকাল আদালত ওই নির্দেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, মোজাহার আলী প্রধান হলফনামায় তাঁর একটি বাড়ি রয়েছে বলে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে তাঁর আরও চারটি বাড়ি আছে। এতে তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছেন।মনজিল মোরসেদ বলেন, তাঁরা ওই চার বাড়িসংক্রান্ত প্রমাণ আদালতে দাখিল করেছেন। আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়িগুলোর দলিলের ভলিউম ও রেকর্ড ১৪ জুন উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন।