বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ বছর পর এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ছে। বাড়িভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ এবং চিকিৎসা ভাতা ১৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হচ্ছে। বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।বেসরকারি শিক্ষক-কমর্চারীরা বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, চলতি সপ্তাহেই বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে আদেশ জারি করা হবে। বর্ধিত এই ভাতা চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এমপিওভুক্ত পৌনে পাঁচ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী বর্ধিত এই সুবিধা পাবেন। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এমপিওভুক্ত (বেতনবাবদ মাসিক সরকারি টাকা) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে ২৭ হাজার ৬৪৩টি। এসব প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী চার লাখ ৭৭ হাজার ৩৮৫ জন। এই মুহূর্তে এই সংখ্যার সামান্য হেরফের হতে পারে।একজন প্রবীণ শিক্ষক জানান, ১৯৮৪ সালে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মাসে ১০০ টাকা ও চিকিৎসা ভাতা ৬০ টাকা করা হয়। দুই বছর পর ১৯৮৬ সালে চিকিৎসা ভাতা বাড়িয়ে ১০০ টাকা করা হয়। পরে ১৯৯৪ সালে আরেকবার চিকিৎসা ভাতা ৫০ টাকা বাড়ানো হয়।বেসরকারি শিক্ষকেরা বলে আসছেন, বর্তমান সময়ে ১০০ টাকার বাড়িভাড়া একজন শ্রমিকের দৈনিক মজুরির চেয়েও অনেক কম। ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে এখন দুটি শিক্ষক সংগঠন ধর্মঘট পালন করছে।গত সেপ্টেম্বর মাসে শিক্ষক সংগঠনের নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করলে মন্ত্রী দ্রুত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর আশ্বাস দেন। কিন্তু কয়েক মাসেও তা না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে কর্মকর্তারা বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে নেপথ্যে কাজ করেছে। সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরই শিক্ষা মন্ত্রণালয় দ্রুত দুই ধরনের ভাতা বাড়ানোর আদেশ জারির প্রক্রিয়া শুরু করে। কর্মকর্তারা বলছেন, এ জন্য বছরে ২৫০ কোটি টাকার মতো খরচ হবে।জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, তাঁরা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সব তথ্যই দিয়েছেন। দ্রুতই এ বিষয়ে আদেশ জারি হবে বলে আশা করা হচ্ছে। সরকারি এই সিদ্ধান্তে শিক্ষকনেতারা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ বলেন, ‘যা বাড়াতে হবে, তা যেন পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের উদ্দেশ্যে হয়।’ আরেকজন নেতা শাহজাহান আলম বলেন, ‘এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে এ দিয়ে সংসার চলবে না। তাই সরকারের কাছে দাবি জানাব, তারা যেন আমাদের পুরো দাবি বাস্তবায়ন করে।’ সাধারণ শিক্ষকদের অনেকে বিষয়টিকে দেখছেন ‘মন্দের ভালো’ হিসেবে।