বাড়িভাড়া নির্ধারণে কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাড়িভাড়া নির্ধারণে কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের একটি মানবাধিকার সংগঠন রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৭ মে বাড়িভাড়া-সংক্রান্ত আইন ও বিধিবিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি ২০১৩ সালের মে মাসে শেষ হয়। হাইকোর্ট ২০১৫ সালের ১ জুলাই সরকারকে ছয় মাসের মধ্যে বাড়িভাড়া নির্ধারণে কমিশন গঠনে দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, আইনি কাঠামো রূপ লাভ না করা পর্যন্ত বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ (৩) ধারা অনুযায়ী ভাড়া-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একজন করে নিয়ন্ত্রক, অতিরিক্ত নিয়ন্ত্রক ও উপনিয়ন্ত্রক নিয়োগের উদ্যোগ নিতে বলা হয়েছে। আইনি কাঠামো আসার আগ পর্যন্ত কোনো ভাড়াটেকে যাতে উচ্ছেদ বা ভয়ভীতি দেখানো না হয়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও সরকার এখন পর্যন্ত আদালতের রায় বাস্তবায়নের কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক বাহারানে সুলতান, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, জাহানারা বেগম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।