বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সংশোধন করবে সরকার। একই সঙ্গে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আইনটি ভ্রাম্যমাণ আদালতের তফসিলভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।২৬ জুলাই শুরু হতে যাওয়া জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ এ কথা জানান। তিনি বলেন, বাড়িভাড়া নিয়ে যথেচ্ছাচার হচ্ছে বলে ইতিমধ্যে সরকার বিষয়টি নিয়ে ভাবছে। আইনটির প্রয়োজনীয় সংশোধনী এনে এর প্রয়োগ নিশ্চিত করা হবে।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, এম এ এন সিদ্দিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালের জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া ২৮৯টির মধ্যে ১৬২টি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। ১২৭টির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে। এবার ৩২১টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার যেসব বিষয় গুরুত্বপূর্ণ বিবেচনায় আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলো হচ্ছে: ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় ডিজিটাল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পুনর্বাসনসহ স্থানীয় পর্যায়ে কর্মসৃজন করা, সমাজকল্যাণ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ-সংস্কার, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বিস্তৃত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিশুদের শতভাগ বিদ্যালয় গমন নিশ্চিত করা, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, ৬৪ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে ভিডিও কনফারেন্সের আওতায় আনা, পরিবেশদূষণ রোধ, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা, বিদ্যুৎ ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহার ইত্যাদি।আবদুল আজিজ জানান, এবার ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের ওপর ২০টি কার্যদিবসে পর্যায়ক্রমিক আলোচনা হবে।মাঠ প্রশাসনের নানা সমস্যা-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেকোনো সমস্যা সমন্বয় করে আইনের মধ্য থেকে সমাধান করাই বড় চ্যালেঞ্জ। মাঠ প্রশাসনকে গুরুত্বপূর্ণ এ কাজটি করতে হয়। সেখানে কার সঙ্গে কার দ্বন্দ্ব, সেটি বিবেচনায় না আনাই ভালো।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিটি জেলা সদরে সপ্তাহের বুধবার জেলা প্রশাসকদের গণশুনানিতে অংশ নিতে বলা হয়েছে। এদিন তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি কোনো কারণে জেলা প্রশাসক থাকতে না পারেন, তবে সেক্ষেত্রে তাঁর উপযুক্ত প্রতিনিধিকে থাকতে হবে। প্রশাসনকে জনগণের সেবা প্রতিষ্ঠানে পরিণত করাই এ পদক্ষেপের আসল উদ্দেশ্য।