বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনসহ ১৬ দফা দাবি ভাড়াটেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে প্রচলিত ভাড়া অর্ধেক কমিয়ে এনে অবিলম্বে বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য কমিশন গঠন করতে হবে। ঢাকায় অতিরিক্ত ভাড়ার কারণে ভাড়াটেদের জীবন এখন অতিষ্ঠ। এ জন্য এখনই বাড়িভাড়া নীতিমালা প্রণয়ন করে ভাড়া কমাতে হবে এবং ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন করতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় ভাড়াটিয়া পরিষদের সদস্যরা এসব দাবি উত্থাপন করেন।পরিষদের সদস্যরা বলেন, ঢাকায় ভাড়াটেরা ন্যূনতম মানবাধিকারও ভোগ করতে পারেন না। উচ্চ বাসাভাড়ার কারণে এখন ঢাকায় একজন ভাড়াটেকে তাঁদের আয়ের ৭০ থেকে ৮০ শতাংশ দিতে হয়। একটু কম ভাড়ার বাসা খুঁজতে গিয়ে অনেকেই রীতিমতো মানবেতর জীবন বেছে নিচ্ছেন। কিন্তু এর প্রতিকারের কোনো উদ্যোগ নেই। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৬ দফা দাবি উত্থাপন করা হয়। ভাড়াটিয়া পরিষদের সভাপতি জালাল আহম্মেদের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হযরত আলী। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মোক্তার হোসেন, আলতাফ হোসেন, নূরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উত্থাপিত এই ১৬ দফা দাবির মধ্যে রয়েছে প্রচলিত বাসা, বাড়ি ও দোকানভাড়া শতকরা অর্ধেক কমানো, ভাড়া নিয়ন্ত্রণের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠন, বাড়িভাড়া নিয়ে সংসদে বিল উত্থাপন, ভাড়ার নীতিমালা প্রণয়ন, ভবনমালিক ও ভাড়াটের চুক্তি বাধ্যতামূলক, প্রতি মাসের ভাড়ার রসিদ প্রদান ও সন্ত্রাসী দিয়ে ভাড়াটেদের নাজেহাল বন্ধ করা উল্লেখযোগ্য। সংবাদ সম্মেলনে হযরত আলী বলেন, উচ্চ বাড়িভাড়া পরিশোধ করতে না পেরে ভাড়াটেদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এই অবস্থার অবসান হওয়া জরুরি।