বাড়ির মালিকদের কাছে ভাড়াটেরা জিম্মি হয়ে পড়লেও সরকার সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে না বলে অভিযোগ করেছে ভাড়াটিয়া কল্যাণ সমিতি। বাড়িভাড়া নিয়ে বিভিন্ন অভিযোগ ও সংকট সমাধানে আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে কমিশন গঠনেরও দাবি জানিয়েছে সমিতি।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি করেন। সমিতির পক্ষ থেকে নয় দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১ জুলাই বাড়ির মালিক ও ভাড়াটেদের সার্বিক সমস্যা নিরসনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তাতে বলা হয়, কমিশন সুপারিশ না করা পর্যন্ত ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ৩ ধারা অনুযায়ী সরকারের আর্থিক সক্ষমতা সাপেক্ষে প্রতিটি ওয়ার্ডে বাড়ি ভাড়াসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একজন করে নিয়ন্ত্রক ও অতিরিক্ত নিয়ন্ত্রক নিয়োগের উদ্যোগ নেবে।
সমিতির সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঢাকাসহ দেশের বড় শহরের বাড়িওয়ালারা একদিকে লাগামহীন বাড়িভাড়া বাড়াচ্ছেন, অন্যদিকে যখন তখন স্বল্প নোটিশে ভাড়াটেদের বাড়িছাড়া করছেন। ভাড়ার রসিদের বদলে হাতে হাতে লেনদেন হওয়ায় আইনের আশ্রয় নেওয়া যায় না। অতিরিক্ত ভাড়ার চাপে মানুষের জীবন বিপর্যস্ত।
সমিতির সাধারণ সম্পাদক তৌকির আহমেদ বলেন, চলতি বছরের ১ জুলাই হাইকোর্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দিলেও সরকার আন্তরিক না হওয়ায় এখন সেই কমিশন গঠন হয়নি।
এ সময় বাড়িওয়ালা-ভাড়াটেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে নয় দফা দাবি তুলে ধরা হয়। তার মধ্যে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ ও বাড়িভাড়া নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৬৪-এর যথাযথ বাস্তবায়ন, সাধারণ নাগরিকদের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর থেকে নিয়মিত প্রচারণা চালানো, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা সদরে বাড়িভাড়া নির্ধারণ করে দেওয়া অন্যতম।
এসব দাবি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি শাহনেওয়াজ আলী, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন প্রমুখ।