বাড়িভাড়া ব্যাংকের মাধ্যমে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাখ ৬২ হাজার বাড়ি শনাক্ত করা হলেও বাড়ি তৈরির অর্থের উৎস সম্পর্কে কেউ তথ্য দিতে পারছেন না। তবে বাড়ির মালিক ও ভাড়াটে দুই পক্ষকে স্বচ্ছতার মধ্যে আনতে ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
চট্টগ্রাম চেম্বারে গতকাল রোববার সকালে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন এসব কথা বলেছেন।
সভায় গোলাম হোসেন আরও বলেন, বাজেটে আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ প্রাক্কলন করা হবে। এ জন্য রাজস্ব আদায় করতে হবে এক লাখ ৪৯ হাজার কোটি টাকা। নতুন সরকারের নতুন বাজেটের আকার হবে আড়াই লাখ কোটি টাকা, যা এ সরকারের শেষ বাজেটে দ্বিগুণ আকার হবে। রাজস্ব করও দ্বিগুণ আদায় করতে হবে।
বর্তমানে এক হাজার ২৬৩ পণ্যে সম্পূরক শুল্ক (আমদানি শুল্কের ওপর অতিরিক্ত শুল্ক) আছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, এক বছর দুই মাস পর এই সংখ্যা কমিয়ে ১৭০টি পণ্যে এই শুল্ক রাখা হবে। তাই ব্যবসায়ীদের এখন থেকে প্রস্তুত হতে হবে।
চট্টগ্রাম চেম্বারে অনুষ্ঠিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় ১০৭টি প্রস্তাব তুলে ধরেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে স্থানীয় ঋণপত্রের ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ বাতিল করা, গণপরিবহনের ওপর অতিরিক্ত শুল্ক-করা আরোপ না করা ও স্থানীয় শিল্পের সুরক্ষা দেওয়া ইত্যাদি। চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে প্রবাসীদের ২৪০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা প্রদান করা উচিত। বর্তমানে শুধু ২০০ গ্রাম পর্যন্ত সুবিধা আছে। ফলে প্রবাসীরা বিদেশ থেকে দুটি সোনার বার (২৩৩ গ্রাম) আনার সুযোগ পাচ্ছেন না। বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চেম্বারের পরিচালক মাহবুবুল হক চৌধুরী, বিএসআরএমের নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত প্রমুখ এই সভায় বক্তব্য দেন। এ সময় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন, বশির উদ্দিন আহমেদ, সৈয়দ মো. আমিনুল করিম, কালীপদ হালদার, মো. ফিরোজ শাহ আলম ও ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন আলোচনায় অংশ নেন। দুপুরে মেট্রোপলিটন চেম্বারে আরেক মতবিনিময় সভায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান। মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান এবং সহসভাপতি এ এম মাহাবুব চৌধুরী সুনির্দিষ্ট ১০টি প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে স্থানীয় শিল্প সংরক্ষণ এবং অবাধ আমদানি নিরুৎসাহিতকরণ, দেশে কর্মরত পাঁচ-ছয় লাখ বিদেশি নাগরিকের কাছ থেকে কর আদায়ে তদারকি, ইপিজেডের বাইরে অবস্থিত রপ্তানিমুখী শিল্পসমূহকেও সমান সুযোগসুবিধা দেওয়া ইত্যাদি।