বাড়িভাড়ার ওপর মূসক অব্যাহতি চায় তথ্যপ্রযুক্তি খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া নিয়ে যেকোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন করের (মূসক) হার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বাড়িভাড়ার ওপর এই বাড়তি মূসক প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা-ব্যবসায়ীরা।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) অন্তর্ভুক্ত তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সংগঠনে বাজেট ভাবনা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এ দাবি জানিয়েছেন খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাজধানীর মতিঝিলে আজ বুধবার এফবিসিসিআই ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
অনুষ্ঠানে বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশন (বেসিস), অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (আইএসপিএবি) এ খাতের অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেসিস সভাপতি শামীম আহসান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা খুব স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোর বাণিজ্যিক এলাকায় বাড়িভাড়া উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে ভাড়ার ওপর মূসক ৯ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করা হয়েছে। তৈরি পোশাক খাতের মতো এ খাতের বাড়িভাড়ার ওপর থেকে মূসক সম্পূর্ণরূপে প্রত্যাহার করার প্রস্তাব করছি।