কচুক্ষেতের ছয়তলা বাড়ির ভাড়ার টাকার ভাগ নিয়ে বিরোধের জের ধরে এমরানকে খুন করা হয় বলে পুলিশ ধারণা করছে। এই হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি ইলিয়াস কাঞ্চনকে পুলিশ গতকাল শনিবার রাত পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।তদন্তকারী সূত্র জানায়, সিবি ১৪৩/১, পুরাতন কচুক্ষেতের ছয়তলা পৈতৃক বাড়িটির তৃতীয় তলায় এমরান তাঁর ভাইয়ের সঙ্গে যৌথভাবে বাস করতেন। ওই বাড়ির অন্য ফ্ল্যাটের ভাড়ার টাকার ভাগ নিয়ে কথাকাটাকাটির জের ধরেই এমরানকে ছুরিকাঘাতে হত্যা করেন বড় ভাই ইলিয়াস কাঞ্চন। এ ঘটনায় সাদিয়া তাঁর স্বামীকে খুনের অভিযোগে ভাশুর ইলিয়াসকে আসামি করে হত্যা মামলা করেন।কাফরুল থানার অপারেশন কর্মকর্তা আরশেদুল হক প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ড ঘটিয়ে ইলিয়াস গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চলছে। গত শুক্রবার বিকেলে সিবি ১৪৩/১, পুরাতন কচুক্ষেতের নিজ বাড়িতে ইলিয়াস কাঞ্চন তাঁর ছোট ভাই এমরানকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।