বাড়ির আঙিনা ফসলি জমিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ান নিপা নামে ড্রাম চিমনির ভাটায় কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। ছবিটি গত সোমবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকা​িঠ গ্রাম থেকে তোলা l প্রথম আলো
ওয়ান নিপা নামে ড্রাম চিমনির ভাটায় কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। ছবিটি গত সোমবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকা​িঠ গ্রাম থেকে তোলা l প্রথম আলো

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা শহরের পূর্ব দিকে নদী পার হলেই কলসকাঠি গ্রাম। গ্রামের প্রবেশমুখে নদীর পারে রয়েছে দুটি ইটভাটা। এরপর গ্রামের ভেতরে একটি-দুটি বাড়ির পরপর ইটভাটা। সব মিলিয়ে এই গ্রামেই আছে ২২টি ইটভাটা।

বরিশালের বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই এভাবে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা। ফসলি জমি, বসতবাড়ির আঙিনায় মাথা তুলে দাঁড়িয়ে আছে ইটভাটা। এসব ভাটায় কয়লার পরিবর্তে পাড়ানো হচ্ছে কাঠ। নিরন্তর কালো ধোঁয়া উড়িয়ে চলেছে ইটভাটার ড্রাম চিমনি, যার উচ্চতা ৩২ থেকে ১২০ ফুট।

এসবই পরিবেশ আইনের মারাত্মক লঙ্ঘন। পরিবেশ আইন অনুযায়ী, জনবসতিপূর্ণ এলাকায় তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করার নিয়ম নেই। বরিশাল অঞ্চলে সেই নিয়ম মানারও গরজ নেই কারও।

এসব ইটভাটা পরিবেশের বারোটা বাজাচ্ছে স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিজস্ব হাকিম ও পরিবেশ আদালত না থাকায় আমাদের পক্ষে জরিমানা করা এবং চিমনি ভেঙে দেওয়া ছাড়া আর কিছু করার নেই।’ তিনি জানান, বরিশালে মোট ৩১০টি ইটভাটার তথ্য তাঁদের কাছে রয়েছে। এর মধ্যে ১৮৯টি আধুনিক জিকজ্যাক ইটভাটা, যাতে কাঠ পোড়ানোর সুযোগই নেই। অনুমোদনহীন ভাটা আছে ১১৯টি। তবে ড্রাম চিমনির ইটভাটা এই হিসাবের বাইরে।

পরিবেশ অধিদপ্তর বলছে, তারা অনুমোদনহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে চূড়ান্ত নোটিশ এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর্থিক জরিমানাও করা হচ্ছে। কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না তাদের কার্যক্রম।

সম্প্রতি কলসকাঠি গ্রামের পদ্মা ব্রিকস, বলাকা ব্রিকস, নিউ মডার্ন ব্রিকস, ওয়ান স্টার ব্রিকস ও নিপা স্টার ব্রিকসে অভিযান চালায় অধিদপ্তর। যথেচ্ছাচারভাবে ইট পোড়ানোর অভিযোগে তাদের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। গত রোববার সরেজমিনে এই পাঁচটি ভাটাই সচল দেখা গেল।

সরেজমিনে কলসকাঠি গ্রামের কাছে ঘেঁষতেই চোখে পড়ে ধোঁয়া আর ধোঁয়া। গ্রামের বাসিন্দা মো. আমিনুল ইসলাম বললেন, এক গ্রামে এতগুলো ইটভাটা থাকায় কলসকাঠি এখন ধোঁয়ার গ্রামে পরিণত হয়েছে। বিরূপ পরিবেশের কারণে এই গ্রামে এখন তেমন ফসল হয় না।

একই গ্রামে রয়েছে রাকিব ব্রিকস, গঙ্গা ব্রিকস, হিরো ব্রিকস, বাবা ব্রিকস, খান ব্রিকস, রূপা ব্রিকসসহ আরও ১৭টি ইটভাটা। এর মধ্যে গঙ্গা ব্রিকস গড়ে উঠেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের কোল ঘেঁষে। গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, স্কুল এবং বাড়ির আশপাশেই বেশির ভাগ ইটভাটা। ধোঁয়ার মধ্যে বসে ছেলেমেয়েদের পড়াশোনা করতে কষ্ট হয়।

বরিশালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সমন্বয়ক লিংকন বায়েন প্রথম আলোকে বলেন, কলসকাঠি গ্রামের ২২টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০০৬ সালে তাঁরা পরিবেশ অধিদপ্তরে প্রতিবেদন দেন। ২০০৭ সালে উচ্চ আদালতে রিটও করেন। ওই রিটের ওপর আজ পর্যন্ত শুনানিই হয়নি। এ সুযোগে ইটভাটার মালিকেরা অবৈধভাবে কাঠ পুড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

একই উপজেলার কাটাদিয়া খেয়াঘাট, কামারখালী ও শিয়ালঘুনি; বাবুগঞ্জ উপজেলার রহমতপুর; সদর উপজেলার শায়েস্তাবাদ ও কাউয়ারচর এলাকায়ও অবৈধ ইটভাটার ছড়াছড়ি। এসব এলাকায় বসতবাড়ির কাছে, ফসলি জমি নষ্ট করে গড়ে উঠেছে অনেক ইটভাটা। কোনোটিতেই আইন মেনে কয়লা পোড়ানো হয় না।

বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইটভাটায় কাঠ পোড়ানোর ফলে দুই দিকে ক্ষতি হচ্ছে। একদিকে বনজ সম্পদ উজাড় হচ্ছে, অন্যদিকে নির্গত কার্বন ডাই-অক্সাইড পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তিনি বলেন, কম উচ্চতার চিমনি ব্যবহারের ফলে কার্বন মনোক্সাইড বেশি উৎপন্ন হয়, যা উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য ক্ষতিকর।