বাড়ির আঙিনায় গাঁজার চাষ!
প্রশাসনের সঙ্গে যোগসাজস করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বোয়ালকান্দি গ্রামের ১৩টি বাড়ির আঙিনায় গাঁজার চাষ হচ্ছে। এলাকাবাসী গাঁজার গাছগুলো উচ্ছেদ করার জন্য উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট দপ্তরে ১৩ জন আবাদকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।অভিযোগ থেকে জানা গেছে, চৌহালীর এনায়েতপুর থানার চরাঞ্চলের বোয়ালকান্দি গ্রামের মো. আবদুর রহীম, মো. বাদশা মিয়া, মো. হাসান আলী, জহিরুল ইসলাম, রুহুল আমীন, মুজাম, নুর আলম, শমশের, সোলায়মান, বাহারুল, মোজাম, শাহাদত ও হোসেন আলী তাঁদের বাড়ির আঙিনার প্রায় পাঁচ বিঘা জমিতে গত ছয় মাস আগে গাঁজার চারা রোপণ করেন। প্রথম দিকে এই গাছগুলো অড়হর গাছ বলে আবাদকারীরা প্রচার চালায়। পরবর্তী সময়ে গাছগুলো বড় হলে এর পাতা দেখে গ্রামের সচেতন মানুষ এগুলো গাঁজার গাছ বলে শনাক্ত করে। এই গাছগুলো উচ্ছেদ করার জন্য গত ঈদুল আজহার পরে গ্রামে বৈঠক বসে। বৈঠকে গাঁজার গাছগুলো উচ্ছেদ নিয়ে পক্ষ-বিপক্ষের সৃষ্টি হয়। গ্রামবাসী নিরুপায় হয়ে ৪ ডিসেম্বর মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা; জেলা প্রশাসক ও পুলিশ সুপার সিরাজগঞ্জসহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করে। ওই বৈঠকের সভাপতি ইউপি সদস্য মো. আজমত আলী বলেন, গ্রামের লোকজনের উপস্থিতে এক বৈঠকে এই গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও আবাদকারীদের অনুরোধে উচ্ছেদ করা হয়নি। বোয়ালকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক মনির হোসেন জানান, ১৩টি বাড়ির আঙিনায় প্রায় তিন শতাধিক গাঁজার গাছ রয়েছে। সামাজিক দরবার ডেকেও উচ্ছেদ করা সম্ভব হয়নি। বর্তমানে একটি গাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ কেজি গাঁজা উৎপাদন করে একদিকে অবৈধভাবে তাঁরা লাখ লাখ টাকা রোজগার করছেন, অন্যদিকে এলাকার যুবসমাজ হাতের কাছে গাঁজা পেয়ে কাঁচা অবস্থায় তা সেবন করে নেশায় আসক্ত হয়ে পড়ছে।গাঁজার আবাদকারীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই বছরেই আমরা গাঁজার গাছ প্রাথমিকভাবে লাগিয়েছি। চরাঞ্চলে কেউ দেখতে আসবে না বলেই আমরা চাষ করেছি। তার পরেও এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনকে আপাতত ম্যানেজ করেছি। কিছু দিনের মধ্যে গাছগুলো কেটে ফেলব।’এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গাঁজার আবাদের বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।