বাড়ির উঠানে ঢুকে পড়ল অটোরিকশা, শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির উঠানে মাটি ভরাটের কাজ করছিল ১১ বছর বয়সী এনাম। সড়কের পাশেই তাদের বাড়ি। হঠাৎ করেই উঠানে দ্রুতগতিতে ঢুকে পড়ে সিএনজিচালিত একটি অটোরিকশা। ধাক্কা দেয় শিশু এনামকে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় সে। ঘটনাটি ঘটেছে আজ রোববার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের পেডা মিয়াজি পাড়ায়।

নিহত এনাম উত্তর শেখেরখীল-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম মো. জহির। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট সে।

নিহত এনামের চাচা মো. জাফর জানান, শেখেরখীল ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কটির (সুলতানুল কবির চৌধুরী সড়ক) পাশেই এনামদের বাড়ি। আজ দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল সে। হঠাৎ করে একটি সিএনজিচালিত অটোরিকশা রাস্তা ছেড়ে উঠানে ঢুকে পড়ে। আর সেই অটোরিকশার ধাক্কায় মাটিতে পড়ে যায় এনাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা তাসনিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশা নিয়ে পালিয়ে যান চালক। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।