বাড়ির উঠানে বোমা বিস্ফোরণে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাটে বোমা বিস্ফোরণে সুমন শেখ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের ঘোষপাড়ায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের শেখ আবদুস সাত্তারের ছেলে। স্থানীয় বিভিন্ন সূত্র ও পুলিশ জানায়, সুমন স্থানীয় ছাত্রদল কর্মী।
গতকাল বিকেলেই বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।
ফকিরহাট থানার ওসি বজলুর রহমান বিকেলে ঘটনাস্থল থেকে বলেন, সোমবার বেলা পৌনে তিনটার দিকে আট্টাকী গ্রামের ঘোষপাড়ার শেখ আবদুস সাত্তারের বাড়িতে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। সুমনের পরিবারের সদস্যরা বাড়ির উঠানে নেমে একটি খড়ের গাদার পাশ থেকে সুমনকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমনের মৃত্যু হয়।