সৃজনশীলতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে বিদ্যমান পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের বাড়িতে পড়াশোনার যে কাজ দেওয়া হয়, তা তাদের ওপর খুবই চাপ সৃষ্টি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাড়ির কাজ (হোমওয়ার্ক) অবশ্যই শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সহায়ক হতে হবে।গতকাল বুধবার রাজধানীর সবুজবাগ থানার মুগদাপাড়ায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন শাখা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ সাবের হোসেন চৌধুরী ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহানা বেগম। খবর বাসসের।শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের ক্ষেত্রে শিক্ষকদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অযথা গালমন্দ করলে তাদের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এতে তারা লেখাপড়ায় নিরুৎসাহিত হয়ে পড়তে পারে।শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের আচরণে ত্রুটি ও পরীক্ষায় ভালো না করার জন্য শিক্ষক ও অভিভাবকরাই দায়ী। এ ব্যাপারে সতর্ক ও যত্নশীল হওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।‘বিদ্যালয়কে শিক্ষার্থীদের সবচেয়ে প্রিয় স্থান’ উল্লেখ করে শেখ হাসিনা শিশুদের লেখাপড়ার জন্য সহায়ক পর্যাপ্ত খোলা জায়গা ও খেলার মাঠের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এমন পরিবেশের সৃষ্টি করতে হবে, যেখানে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ থাকবে।’বাংলাদেশের শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে পারে, সে লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ কারণে তাঁর সরকার শিক্ষা বিস্তারে সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভর্তির চাপ কমাতে ৮৩টি সরকারি উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় পালা চালু করা হয়েছে, প্রায় ছয় হাজার নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া রাজধানীতে ১১টি সরকারি স্কুল এবং ছয়টি সরকারি কলেজ প্রতিষ্ঠায় একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।