বাড়ির ছাদ থেকে ফেলে নারী হত্যা!
রাজধানীর মিরপুর ১০ নম্বরের ডি ব্লকের একটি বাড়ির সামনে থেকে গতকাল শনিবার দুপুরে পুলিশ হাত বাঁধা অবস্থায় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। তাঁর পরিচয় মেলেনি। পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে ফেলে ওই নারীকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে পুলিশ মিরপুর ১০ নম্বর সেকশনের ডি ব্লকের ২৪ নম্বর সড়কের ২৬ নম্বর বাড়ির সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁর দুই হাত বাঁধা ছিল। পরনে ছিল লাল রঙের সালোয়ার ও নীল কামিজ। বয়স ২০ থেকে ২২ বছর হবে। ওই বাড়ির ছাদে রক্তের দাগ লেগে ছিল। সন্ধ্যায় লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল দুপুরে তাঁর স্ত্রী স্কুল থেকে ছেলেকে নিয়ে বাসায় ফেরার পথে ২৬ নম্বর বাড়ির সামনে এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ ঘটনা তিনি ফোন করে পুলিশকে জানান। পরে পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ২৬ নম্বর বাড়ির ছাদ থেকে ফেলে ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়ির দারোয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।