বাড়ির ছাদে সবজির বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের হালিশহর আবাসিক এলাকায় বাড়ির ছাদে বাগানের পরিচর্যা করছেন অহিদুল ইসলাম,  প্রথম আলো
নগরের হালিশহর আবাসিক এলাকায় বাড়ির ছাদে বাগানের পরিচর্যা করছেন অহিদুল ইসলাম, প্রথম আলো

সাততলার সিঁড়ি বেয়ে ছাদের ওপরে উঠে দেখা গেল বেশ ছিমছাম, সাজানো-গোছানো একটি সবজিবাগান। লুঙ্গি আর পাঞ্জাবি পরা প্রায় ষাটোর্ধ্ব একজন লোক বাগানের পরিচর্যায় ব্যস্ত। টমেটো, ঝিঙে আর বাউকুলগাছের ডালপালা সোজা করে দিচ্ছিলেন। একই সঙ্গে বিভিন্ন গাছের মরা পাতা আর আগাছা সরানোর কাজও সেরে নিচ্ছিলেন।

চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকার এইচ ব্লকের ১ নম্বর সড়কের বাড়িটির মালিক অহিদুল ইসলাম। তাঁর নিজ হাতে গড়া এই সবজিবাগান। গত শুক্রবার সকালে বাগানটি দেখলে গেলে কথা হয় তাঁর সঙ্গে।

প্রায় এক হাজার ৪০০ বর্গফুটের ছাদের পুরোটাজুড়ে তিনি বিভিন্ন সবজির চাষ করেছেন। কী নেই তাঁর সেই বাগানে। ভালো করে তাকাতে চোখে পড়ল লালশাক, পালংশাক, টমেটো, ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙে, লাউ, বেগুন ও কলমির শাক। আরও রয়েছে বাতাবি লেবু, পেয়ারা, বাউকুল, আপেলকুল, বারোমাসি আম, মেহেদি ও মোসাম্বিগাছ।

ছাদের চারপাশে টাইলস দিয়ে বাঁধানো সবজিখেত। এখানে বিভিন্ন শাকের মধ্যে টমেটোগাছে শোভা পাচ্ছে ছোট-বড় কাঁচা-পাকা টমেটো। বেগুনগাছে দু-একটি বেগুনও উঁকি দিচ্ছে।

অহিদুল ইসলাম বলেন, ‘এখন তো মৌসুমের প্রায় শেষ সময়। তাই সবজির বাগানের শোভা কিছুটা কমে গেছে। এর পরও আজ সকালে বাগানের পালংশাক তুলে আমাদের ১৬টি ভাড়েটে পরিবারকে দিয়েছি, নিজেরাই খেয়েছি এর আগে।’

অহিদুল ইসলাম আরও বলেন, ‘আমাদের বাইরে থেকে সবজি কিনতে হয় না। প্রতি মৌসুমেই খরচ বাদ দিয়ে প্রায় ১০-১২ হাজার টাকা করে লাভ থাকে।’

জানা যায়, অহিদুল দীর্ঘদিন জাহাজে চাকরি করেছেন। থেকেছেন যুক্তরাষ্ট্রে। এরপর ২০০১ সালে দেশে ফিরে হালিশহর এলাকায় বাড়ি তৈরির কাজে হাত দেন। ২০১০ সালের দিকে অবসর সময় কাটানোর খেয়াল থেকেই বাগানটি গড়ে তোলেন কৃষি বিভাগের পরামর্শে। তখন প্রায় ৫০ হাজার টাকা খরচ হয় এতে। জলছাদ করে টাইলস বসিয়ে দেন পুরো ছাদে। প্রথম বছর তাঁর খরচ বাদে লাভ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা।

অহিদুলের ছাদের বাগানে আটটি বড় বড় রঙের প্লাস্টিকের বাক্সে কলমিশাকের চাষ করা হয়েছে। এ ছাড়া ডজন খানেক প্লাস্টিকের কাটা ড্রামে রয়েছে বাতাবি লেবু, পেয়ারা, বাউকুল, আপেলকুল, বারোমাসি আম, মেহেদি ও মোসাম্বি গাছ। বেশ কয়েকটি ড্রাম সার দিয়ে তৈরি করে রাখা হয়েছে গাছ লাগানোর জন্য।

প্রতিদিন সকাল-বিকেল বাগানে এসে গাছে পানি দেওয়াসহ পরিচর্যার কাজ করেন অহিদুল নিজেই। মাঝে মাঝে বাড়ির তত্ত্বাবধায়ক সাহায্য করেন তাঁকে। নিচ থেকে ছাদে পাইপ টানা হয়েছে বাগানে পানি দেওয়ার জন্য। ওপরে নেট টানিয়ে দেওয়া হয়েছে বাগানের সুরক্ষার জন্য। অহিদুলের গ্রামের বাড়ি সন্দ্বীপে। স্ত্রী, তিন ছেলে আর এক মেয়ে নিয়ে অহিদুল ইসলামের সংসার। বড় ছেলে থাকেন দক্ষিণ আফ্রিকা, মেজো ছেলে ব্যবসা করেন। ছোট ছেলে বিবিএ পড়ছেন। একমাত্র মেয়ে স্বামীসহ যুক্তরাষ্ট্র প্রবাসী।

জানা যায়, চট্টগ্রাম নগরের হালিশহর, আগ্রাবাদ, কাঠগড় প্রভৃতি এলাকায় অহিদুলের মতো প্রায় দেড় শ শৌখিন সবজি চাষি বাড়ির ছাদে বাগান করেন। যাঁরা নিয়মিত কৃষি বিভাগের পরামর্শ নেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নগর কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জনসংখ্যার চাপের কারণে ইতিমধ্যেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কৃষি জমি বিলীন হতে বসেছে। এ অবস্থায় বহুতল ভবনের ছাদে সবজি চাষকে আমরা উৎসাহ জোগাই এবং উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।’