বাড়ির নম্বর দেওয়ার নামে প্রতারণা
মৌলভীবাজারের বড়লেখায় ঘরবাড়ির নম্বরপ্লেট তৈরি করে দেওয়ার কথা বলে একটি বেসরকারি সংস্থার কর্মীরা স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড়-দুই মাস আগে সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার বাড়িতে গিয়ে ‘নতুন ধারা’ নামের একটি বেসরকারি সংস্থার কিছু লোক খানাপ্রতি ৭৫ থেকে ১০০ টাকা আদায় করে। নম্বরপ্লেট (হোল্ডিং নম্বর) দেওয়ার কথা বলে তারা চাঁদা হিসেবে ওই টাকা আদায় করে।সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বেসরকারি সংস্থা গত জানুয়ারিতে এলাকায় কার্যক্রম শুরু করে। কার্যালয়ে দেওয়া নথিপত্রে সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকার শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের (দ্বিতীয় তলা), ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন ও ফোন নম্বর: ৯৬৭১১৮৯৩ উল্লেখ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্যক্রম শুরু করার আগে সংস্থার মাঠকর্মী পরিচয় দিয়ে বশির আহমদ নামের এক ব্যক্তি ইউপি কার্যালয়ে এসে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি দেখিয়ে কাজ করার অনুমতি চান।ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘সংস্থার লোকজন নম্বরপ্লেট তৈরিতে খরচাপাতির জন্য খানাপ্রতি ১০০ টাকা চাঁদা আদায় করতে চাইলে আমরা সেটা কমিয়ে ৭৫ টাকা নির্ধারণ করে দিই।’জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম বলেন, ‘ওই এনজিওর নিজস্ব খরচে নম্বরপ্লেট দেওয়ার কথা। লোকজনের কাছ থেকে চাঁদা তুলে এ কাজ করতে আমরা বলিনি।’ মাঠকর্মী বশির আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।