বাড়ির নম্বর প্লেট লাগানোর নামে টাকা লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়িতে হোল্ডিং নম্বর প্লেট লাগানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে লুটপাট করার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) উন্নয়নের নামে চেয়ারম্যানদের সহযোগিতায় এ কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের রায়হান আলী বলেন, ‘চেয়ারম্যান কইছে, বাড়িতে পেলেট লাগাইতে হইবে। তাই লোক এসে টাকা চাইছে, আমি ৮০ টাকা দিয়ে একখানা পেলেট নিছি। আমার মতো গ্রামের সব লোকই পেলেট নিছে।’ একই ধরনের কথা জানান এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আয়ুব আলী, তারাকান্দির আফসার আলী, শাজাহান আলী ও চান মিয়া, চৌকিবাড়ী ইউনিয়নের বাতিকাবাড়ী গ্রামের আহসান আলীসহ কয়েকজন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আত্ম কর্ম উন্নয়ন সংস্থান (আকাস) নামের একটি প্রতিষ্ঠান গত ১১ সেপ্টেম্বর উপজেলার ১০টি ইউনিয়নের ৭৫ হাজার পরিবারের বাড়িতে হোল্ডিং নম্বর প্লেট লাগানোর অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করে। জনগণের প্রতারিত হওয়ার আশঙ্কায় ইউএনও আবেদনটি বাতিল করে দেন। ইউএনও জনসাধারণকে প্রতারিত না করতে ইউপির চেয়ারম্যানদের চিঠি দিয়ে সতর্ক করে দেন।এলাকাবাসীর অভিযোগ, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ তারেক ৯ অক্টোবর চিঠি দিয়ে ইউনিয়নের ১৪টি গ্রামের সাত হাজার বাড়িতে ওই এনজিওকর্মীদের কাজ করার সুযোগ করে দেন। এনজিওর লোকজন প্রতিটি বাড়িতে গিয়ে চেয়ারম্যানের কথা বলে হোল্ডিং প্লেট লাগানোর নামে ৮০ টাকা করে আদায় করছেন। এর আগে এনজিওটি ধুনট সদর ও চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে একইভাবে কয়েক লাখ টাকা তুলে নিয়েছে।এনজিওর পরিচালক মোর্শেদ মিল্টন বলেন, ‘হোল্ডিং নম্বর প্লেট লাগানোর জন্য আমার এনজিওর কোনো বৈধ কাগজপত্র নেই। তবে পরিষদের উন্নয়নের জন্য ২০ টাকা করে জমা দিয়ে চুক্তিভিত্তিক এ কাজ করছি। বিনিময়ে খরচের রশিদ দিয়ে আমরা লোকজনের কাছ থেকে ৮০ টাকা করে নিচ্ছি।’এলাঙ্গী ইউপির চেয়ারম্যান এম এ তারেক বলেন, ‘আমাকে ইউএনও চিঠি দিয়ে কাজ বন্ধ করতে বলেছেন। কিন্তু আমি জনগণের সুবিধার জন্য আমার লোক ও চৌকিদার তাঁদের সঙ্গে দিয়ে কাজ করছি। সবার কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হয় না।’ধুনট সদর ইউপির চেয়ারম্যান এস এম মাসুদ রানা বলেন, ‘জনগণ প্রতারিত হওয়ার ভয়ে এ কাজ বন্ধ করে দিয়েছি। তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে পরিষদের উন্নয়নের কাজ করেছি।’ চৌকিবাড়ীর চেয়ারম্যান কুদরত-ই-খুদা বলেন, ‘আমি পরিষদের উন্নয়নের জন্য ৪০ হাজার টাকা তুলেছি।’ইউএনও ফিরোজ শাহ জানান, কাউকে জনগণের টাকা অবৈধভাবে আত্মসাতের সুযোগ দেওয়া হবে না। এ কারণে চেয়ারম্যানদের চিঠি দিয়ে প্রতারণার কাজ বন্ধ করতে বলা হয়েছে। তাঁদের এলাকায় পাওয়া গেলে আটক করা হবে।