বাড়ির নামফলক বসানোর কাজ ভেস্তে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাড়ি-ফ্ল্যাট ও দোকান শনাক্ত করে হোল্ডিং কর আদায় বাড়ানোর লক্ষ্যে বাড়ির নম্বর ও নামফলক বসানোর প্রকল্প নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু নতুন তো দূরের কথা, করপোরেশনের আগের তালিকায় থাকা হোল্ডিংগুলোতেই নামফলক বসানোর কাজ এখনো শেষ হয়নি।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যেভাবে কাজ এগোনোর কথা, সেভাবে হয়নি। নতুন ঘরবাড়ি সেভাবে শনাক্ত করতে পারেনি। কিছু গ্রাহক এই নামফলক লাগাতে আগ্রহী হচ্ছেন না। কাউকে জোর করে এটা লাগাতে বলাও যাবে না। তবে কাজ এখনো চলছে।’
ডিএনসিসি সূত্রে জানা যায়, নামফলক বসানো বাবদ যেসব বাড়ির মালিকদের কাছ থেকে ইতিমধ্যে টাকা নেওয়া হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে সেসব বাড়িতে নামফলক বসানোর কাজ শেষ করতে চারটি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে ডিএনসিসি। আর আগের তালিকায় আছে অথচ নামফলক বসানো হয়নি এমন বাড়িগুলোর কী হবে, এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ডিএনসিসি।
বাড়ি ও দোকানের সঠিক সংখ্যা নির্ধারণ করে সেগুলোর জন্য আলাদা নম্বর দিয়ে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে গত বছরের অক্টোবরে উত্তর সিটি করপোরেশন এলাকায় শুরু হয় নামফলক বসানোর কাজ। চারটি প্রতিষ্ঠান—প্রত্যাশা সমাজ উন্নয়ন সংঘ, ডিজিটাল টেক, সুসমাজ ফাউন্ডেশন ও রিক এ কাজ পায়। প্রত্যাশা ডিএনসিসির পাঁচটি অঞ্চলের মধ্যে এক, দুই ও তিন; সুসমাজ ফাউন্ডেশন ও রিক অঞ্চল চার; ডিজিটাল টেক অঞ্চল পাঁচের নামফলক বসানোর কাজ পায়। প্রতিটি ফলকের জন্য বাড়ির মালিকদের ৩৭০ টাকা দিতে হয়।
একটি হোল্ডিং নম্বরের বিপরীতে অনেক ফ্ল্যাট বা দোকান তৈরি হয়েছে। কিন্তু এই ফ্ল্যাট ও দোকানের মালিকানা ভিন্ন। ফ্ল্যাট ও দোকানের আয়তনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মালিক জমিরও মালিক। কিন্তু একটি হোল্ডিং নম্বরে থাকায় কৌশলে তাঁরা করপোরেশনকে আলাদা রাজস্ব দেওয়ার পরিবর্তে একত্রে দিচ্ছেন।
ডিএনসিসির হিসাবে ঢাকা উত্তরে মোট বাড়ির সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। দায়িত্বপ্রাপ্ত চারটি প্রতিষ্ঠান এ পর্যন্ত ৫০ হাজারের মতো বাড়িতে নামফলক বসাতে পেরেছে; যার প্রায় সবই সিটি করপোরেশনের তালিকায় আগেই ছিল। ফলে নতুন বাড়ি খোঁজার উদ্যোগ সেভাবে বাস্তবায়িত হয়নি।
সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা বলেন, চারটি প্রতিষ্ঠান গত এক বছরে যে বাড়িগুলোতে নামফলক বসিয়েছে, তার বেশির ভাগই সিটি করপোরেশনের তালিকায় আগেই ছিল। আর আগের তালিকারই এক-তৃতীয়াংশ হোল্ডিংয়ে এখনো নামফলক বসানো হয়নি। নতুন হোল্ডিং সেভাবে শনাক্ত করতে না পারলে এই প্রকল্পটির আসল উদ্দেশ্যই বাস্তবায়িত হবে না।
এ বিষয়ে জানতে চাইলে চারটি প্রতিষ্ঠানের প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, বাধ্যবাধকতা না থাকায় বাড়ির মালিকদের অনেকেই এই নামফলক বসাতে রাজি হচ্ছেন না। আর সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী বাড়ির মালিকদের সহযোগিতা করতে মানা করছেন।
সুসমাজ ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক বখতিয়ার পারভেজ বলেন, ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা পর্যাপ্ত সহযোগিতা দেননি। যাঁদের কাছ থেকে টাকা ও তথ্য নেওয়া হয়েছিল, এখন তাঁদের দেওয়া হচ্ছে। আর এটা লাগাতে বাধ্য না হওয়ায় বাড়ির মালিকদের কাছ থেকেও সেভাবে সাড়া পাওয়া যায়নি।