বাড়ির পথে সুরাইয়া

বুকে-পিঠে গুলির ক্ষত নিয়ে প্রায় এক মাস আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল সুরাইয়া। আজ বৃহস্পতিবার হাসপাতাল ছেড়েছে সে।
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম আজ নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সুরাইয়ার বাবা বাচ্চু ভূইয়ার হাতে হাসপাতাল থেকে তার বাড়িতে ফেরার ছাড়পত্র তুলে দেন। তিনি শিশুটি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকারের মাথায় আছে বলে জানান।
গত ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড়ায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। ওই দিনই প্রায় সাড়ে চার ঘণ্টা অস্ত্রোপচারের পর নাজমা বেগম মাগুরা সদর হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। দুদিন পর শিশুটিকে নিয়ে তার দুই ফুপু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। শিশুটির পিঠ দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বেরিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজে শিশুটির অস্ত্রোপচার হয়। নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি।
দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকা মেডিকেল কলেজ একটি বিদায় সংবর্ধনার আয়োজন করে। শিক্ষক ও ছাত্ররা কলেজের সভাকক্ষটি বেলুন দিয়ে সাজান। যে ‘বেবিকট’ টিতে প্রথম রাখা হয়েছিল সুরাইয়াকে, যে বেবি ওয়ার্মার দিয়ে ঠান্ডা, নির্জীব হয়ে যাওয়া শিশুটিকে তাপ দেওয়া হয়েছিল সেটিও আনা হয়েছিল সভাকক্ষে। ঘণ্টা দেড়েক ধরে চলা অনুষ্ঠানে সুরাইয়া চিকিৎসকদেরই কোলে কোলে ছিল। ওকে সাজিয়ে দিয়েছিলেন শিশু সার্জারি বিভাগেরই চিকিৎসক সিফাত জেরিন খান।
শিশুটির মা নাজমা বেগম বলেন, ‘আমি কোনো দিন ভাবতে পারিনি বাবুটাকে ফিরিয়ে নিয়ে যেতে পারব। সবাই আমার বাবুটারে ভালোবাসিছে। আপনারা দোয়া করবেন।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। নাজমা বলেন, ‘আমার মা ছোটবেলায় মরি গেছে। তিনি মায়ের মতো আমাকে দেখিছেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, ‘শিশুটি বাড়ি যাওয়ার মতো সুস্থ হয়ে উঠেছে। তবে তার চোখে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। এ জন্য তাকে ফলো-আপে থাকতে হবে। মাগুরায় শিশু চিকিৎসক রয়েছে। কোনো সমস্যা হলে সুরাইয়া সেখানে চিকিৎসা পাবে।’ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, সুরাইয়ার চিকিৎসক হওয়া পর্যন্ত সব দায়িত্ব সরকার নেবে।
নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লা জানান, ‘সময়ের আগে কম ওজন নিয়ে জন্মানো শিশুটি আজ তার জন্ম ওজন ছাড়িয়েছে। শিশুটি দুই কেজি ওজন নিয়ে জন্মেছিল। পরে তার ওজন কমে ১৮০০ গ্রাম হয়। আজ আমরা তার ওজন পেয়েছি ২১০০ গ্রাম।’
শিশুটি যে ২৬ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল, প্রতিদিনই ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগ শিশুটির অবস্থা সাংবাদিকদের জানান।
শিশু সার্জারি বিভাগের আবদুল হানিফ বলেন, শিশুটিকে নিয়ে তার স্বজনেরা শেরেবাংলা নগর এলাকার একটি হাসপাতাল ও শাহবাগের একটি হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জন্য দশ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। তিনি শিশুটিকে সুস্থ করে তোলায় নার্স, ওয়ার্ডবয়দের ধন্যবাদ জানান। এ ছাড়া হাসপাতালের যে চতুর্থ শ্রেণির কর্মচারী শিশুটিকে দু’দফা রক্ত দিয়েছে, মায়ের অনুপস্থিতিতে যে নারীরা দুধ খাওয়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
আরও পড়ুন:-
মায়ের বুকে প্রশান্তির ঘুম সুরাইয়ার