বাড়ির ফটকে তালা দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে গত শুক্রবার রাতে এক ব্যবসায়ীর বাড়ির ফটকে তালা ঝুলিয়ে দেয় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির মূল ফটকের তালা ভেঙে দেয়। এর আগে ঘণ্টা দুয়েক ওই বাড়ির বাসিন্দারা অবরুদ্ধ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত নয়টার দিকে শহরতলির আতুরার ডিপোর বনানী হাউজিং সোসাইটির আলমগীরের পাঁচতলা বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সন্ত্রাসীরা ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বনানী হাউজিংয়ের ওই বাড়ির ভাড়াটেদের সঙ্গে কথা বলে জানা যায়, শিবিরের শীর্ষ সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সাজ্জাদ বাহিনীর ক্যাডার সরওয়ারের পরিচয় দিয়ে সন্ত্রাসী আরিফ শুক্রবার রাতে বাড়ির ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় আরিফ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাড়িওয়ালার সঙ্গে একজন ভাড়াটের দ্বন্দ্ব আছে। এর জের ধরে সন্ত্রাসীরা এই কাণ্ড ঘটায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির মূল ফটকের তালা ভেঙে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাবে।’