বাড়ির ফোনে রাজশাহী ছাড়ছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়ি থেকে ফোনের পর ফোন আসছে। একবার বাবা করছেন, একবার করছেন মা। বলছেন, থাকার দরকার নেই। বাড়ি চলে এসো। তাই আজ চলে যাচ্ছি।’ এভাবেই বলছিলেন রাজশাহী কলেজের মহারানী হেমন্তকুমারী হিন্দু ছাত্রাবাসের শিক্ষার্থী মিঠুন প্রামাণিক। তিনি বলেন, বাড়িতে স্বজনেরা আতঙ্কে আছেন। এ জন্যই ছাত্রাবাসের প্রায় সব শিক্ষার্থী চলে গেছেন। গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রাবাসে গিয়ে দেখা যায়, বাইরে পত্রিকার স্ট্যান্ডে পুরোনো পত্রিকা। নতুন পত্রিকা লাগানোর কেউ নেই। ছাত্রাবাসের ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে সাত-আটজন আছেন। দুটি কক্ষে পাঁচজন শিক্ষার্থীকে পাওয়া গেল। তাঁদের তিনজন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের একজন প্রণব সাহা। তিনি বলেন, ‘আমার একটি টিউশনি আছে, সে জন্য যেতে পারছিলাম না। কিন্তু আজ আর থাকা সম্ভব হচ্ছে না। বাড়িতে সবাই আতঙ্কে আছেন। এখানে কী অবস্থায় আছি, তা নিয়ে চিন্তা করছে।’ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর রাজশাহীতে সংঘর্ষের পর নগরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া টানা তিন দিনের হরতালের কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছাড়িয়ে পড়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের পরিবারগুলোতে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরিবারের লোকজন ফোন করে ছেলেমেয়েদের বাড়ি চলে আসার জন্য পীড়াপীড়ি করছেন। এ অবস্থায় শুধু যাঁদের পরীক্ষা রয়েছে, যাঁরা কোচিং কিংবা টিউশনির সঙ্গে জড়িত, তাঁদের কেউ কেউ আছেন। কলেজের মুসলিম ছাত্রাবাসের গেটে প্রতিদিনের মতোই দোকান খুলে দাঁড়িয়ে আছেন রাহেলা বেগম (৫০)। তিনি বললেন, ‘মামারা (ছাত্ররা) নাই। বেচাকেনাও নাই। আইস্যা শুধু খাড়াইয়ে আছি।’ ভেতরে গিয়ে দেখা যায়, একজন ছাত্র তাঁর সহপাঠীর চুল কেটে দিচ্ছেন। তাঁরা বলেন, বাইরে কোনো দোকানে গিয়ে বসব, আবার সেখানে হামলা হবে—এই আতঙ্কে চুল কাটাতে বাইরে যেতে সাহস করছেন না। তাই নিজেরাই একজন আরেকজনের চুল কেটে দিচ্ছেন। ছাত্রাবাসের ভেতরে প্রতিদিন যেখানে ভিড় জমে থাকত, সেখানে সুনসান নীরবতা। মাঠের এক পাশে কর্মচারীদের কয়েকজন ছেলে ক্রিকেট খেলছে। ছাত্রাবাসে যে কয়েকজন শিক্ষার্থী এখনো থেকে গেছেন, তাঁরা সিঁড়িতে বসে বাচ্চাদের খেলা দেখে অলস সময় কাটাচ্ছেন।তাঁদের একজন আসিক মাহমুদ বলেন, এখন দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ও তৃতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা চলছে। এ কারণেই কিছু ছাত্র রয়ে গেছেন। ছাত্রাবাসের পাঁচ শতাধিক ছাত্রের মধ্যে এখন মাত্র ৫০-৬০ জন আছেন। পাঁচটি ডাইনিং হলের মধ্যে একটি চালু রয়েছে। ডাইনিং হলের ব্যবস্থাপক চান মিঞা বলেন, তাঁদের খুব খারাপ সময় যাচ্ছে। মাত্র কয়েকজন ছাত্র নিয়ে ডাইনিং চালানো মুশকিল হয়ে পড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদ হোসেন একই কারণে সিরাজগঞ্জে তাঁদের বাড়িতে চলে গেছেন। মুঠোফোনে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে এখনো সিট পাইনি। এ জন্য শহরের মেসে থাকি। কিন্তু শহরের অবস্থা থমথমে। সবার মধ্যেই একটা আতঙ্ক। এই পরিবেশের মধ্যে থাকা নিরাপদ নয় মনে করে চলে এলাম।’ রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান বলেন, প্রায় সব ছাত্রছাত্রী চলে গেছেন। এখন কর্মচারীরাও চলে যেতে চাইছেন। সবার মধ্যে ভয় কাজ করছে।