বাড়ির মামলা থেকে তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক!
ভবিষ্যতে যদি প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়, তাহলে বিএনপি তাঁকে মেনে নেবে না। বিএনপির যুগ্ম মহাসচিব ও খালেদা জিয়ার আইনজীবী মাহাবুবউদ্দিন খোকন একটি দৈনিকে এই বক্তব্য দিয়েছেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তাঁরা একটি মামলা নিয়ে প্রধান বিচারপতিকে বিতর্কিত করতে চান।গতকাল নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়ার আদালত অবমাননার আবেদনটি গত সোম ও মঙ্গলবার শুনানির জন্য ছিল। তাঁর আইনজীবীরা শুনানি করতে যাননি। বুধবারও এ মামলা শুনানির জন্য ধার্য রয়েছে। আমার মনে হয়, এ দিনও তাঁরা আসবেন না। তাঁরা শুনানি করতে চান না। মঙ্গলবার শুনানির সময় তাঁরা যে অবস্থার সৃষ্টি করেছেন, তা থেকে এটা স্পষ্ট বুঝা যায়। প্রধান বিচারপতিকে বির্তকিত করার সুদূরপ্রসারী পদক্ষেপের অংশ।’তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাঁর নিয়োগ প্রশ্নবিদ্ধ করার জন্য তাঁরা এ পন্থা নিয়েছেন বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বিচারপতি খায়রুল হক প্রধান উপদেষ্টা হবেন, এটা কী করে বুঝলেন—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা আমার বক্তব্য নয়। কাগজে প্রকাশিত খবরে মাহবুবউদ্দিন খোকন বলেছেন।’অবশ্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ বিষয়ে বলেন, ‘বলা হচ্ছে বিচারপতি এ বি এম খায়রুল হক যাতে তত্ত্ববধায়ক সরকার প্রধান না হতে পারে, এ জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু বিচারপতি এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগের আগেই আমি বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্যই সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান না করার কথা বলেছিলাম।’ তিনি বলেন, এ বিধান বাতিল করা উচিত। কারণ যে প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন, তাঁরা সুনামের সঙ্গে বিদায় নিতে পারেননি।