বাড়ির মালিক হতে গিয়ে বাবা-ছেলে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন বাড়ির তত্ত্বাবধায়ক। খায়েশ হয়েছে বাড়ির মালিক হওয়ার। আর এই খায়েশ পূরণ করতে গিয়ে বাবা-ছেলের ঠাঁই হয়েছে কারাগারে। চট্টগ্রাম নগরের লালখান বাজারের বাঘগোনা এলাকার একটি বাসা থেকে গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, এ দুজন হলেন বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল খালেক (৫০) ও তাঁর ছেলে শওকত আকবর (২২)। তাঁরা বাঘগোনার পাঁচ গণ্ডা আয়তনের একটি তিনতলা বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন। ওই বাড়িটির মালিক নাজিম চৌধুরী ও তাঁদের ভাইয়েরা। চার-পাঁচ বছর ধরে খালেক ওই বাড়ির তত্ত্বাবধায়ক। খালেক ও তাঁর পরিবার নিচতলার গ্যারেজ কক্ষ এবং এর পাশে আরেকটি কক্ষে থাকত।পুলিশ জানায়, ওই বাড়িতে মালিকপক্ষের মধ্যে একমাত্র নাজিম চৌধুরী থাকতেন। কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে খালেক নিজেকে বাড়ির মালিক বলে প্রচার শুরু করেন।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, কিছুদিন ধরে তত্ত্বাবধায়ক খালেক নিজেকে বাড়ির মালিক দাবি করছেন। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নাজিম চৌধুরীসহ অন্যদের বাসায় আসা-যাওয়ার পথে বাধা সৃষ্টি করছিল। এ সময় খালেক তাঁর পোষা কুকুরটি লেলিয়ে দিতেন। একবার নাজিমকে নাজেহাল করলে তিনি থানায় একটি মামলা করেন।জানা গেছে, সোমবার খালেক ও তাঁর ছেলে বাড়ির দারোয়ান শাহ পরানকে একটি কক্ষে বেঁধে রাখেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।