বাড়ির মালিকই খুন করেছেন সুমাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির মালিকের হাতে রাজধানীর বনশ্রীতে গৃহবধূ সুমা আক্তার খুন হয়েছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গৃহকর্মী জেসমিন আক্তার। গতকাল সোমবার তিনি এ জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এখন অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।খিলগাঁও পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গৃহকর্মী জেসমিন আক্তার পুলিশকে জানিয়েছেন, শুক্রবার বিকেলে বাড়িওয়ালি নাদিরা খন্দকার, তাঁর বোনের ছেলে দ্বীপ ও আরেক যুবক বাসায় আসে। তারা এসে সুমাকে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। যাওয়ার সময় তারা জেসমিনকেও বেঁধে রেখে যায় এবং মিথ্যা একটি গল্প শিখিয়ে দিয়ে যায়। জেসমিন সেই গল্পই পুলিশ ও গণমাধ্যমের কাছে বলতে থাকেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিনি এই বর্ণনা দেন। তাঁর বক্তব্য আরও যাচাই করছে পুলিশ।খুনের কারণ সম্পর্কে জবানবন্দিতে জেসমিন উল্লেখ করেছেন, মানসিকভাবে অসুস্থ সুমা সব সময় অনেক সেজেগুজে থাকতেন। এভাবে একসময় নাদিরা খন্দকারের বোনের ছেলে দ্বীপের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। অসুস্থ সুমা বিষয়টি সবাইকে জানিয়ে দিতে পারেন এ আশঙ্কায় ভয় পেয়ে তারা সুমাকে খুন করেছে বলে উল্লেখ করেন জেসমিন।গত শুক্রবার রাতে দক্ষিণ বনশ্রীর বাসায় দুর্বৃত্তরা প্রতিবন্ধী ছেলে রাকিবের সামনেই শ্বাসরোধে খুন করে সুমা আক্তারকে। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমার স্বামী মাহফুজুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।