বাড়ির মালিকদের ইচ্ছায় রাস্তা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশা ও মোটরসাইকেল প্রবেশ করায় বিরক্ত বাড়ির মালিকেরা। তাই শ্যামলীর হলি লেনে রিকশা ও মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবার সাইনবোর্ডও লাগানো হয়েছে রাস্তার প্রবেশমুখে। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো
রিকশা ও মোটরসাইকেল প্রবেশ করায় বিরক্ত বাড়ির মালিকেরা। তাই শ্যামলীর হলি লেনে রিকশা ও মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবার সাইনবোর্ডও লাগানো হয়েছে রাস্তার প্রবেশমুখে। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো

রিকশা ও মোটরসাইকেল চললে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হয়—এ অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছে শ্যামলীর হলি লেন সড়কটি। সড়কে বাড়ির মালিকদের ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে না দেওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্যামলীর হলি লেন সড়কটি দিয়ে একমুখী চলাচল হতো। এই শাখা রোডটি দিয়ে শিয়া মসজিদ, ধানমন্ডি থেকে আসা রিকশাযাত্রী, মোটরসাইকেল আরোহীরা কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি যেতে পারতেন। শ্যামলীর প্রধান পথে রিকশা না উঠতে দেওয়ায় অনেকেই এ পথ ব্যবহার করতেন। গতকাল রোববার দেখা যায়, সড়কের শ্যামলী প্রান্ত দিয়ে প্রবেশমুখে লোহার প্রতিবন্ধকতা (ব্যারিকেড) তৈরি করা হয়েছে। ব্যারিকেডে লেখা রয়েছে, ‘যানবাহন প্রবেশ নিষেধ, আদেশক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’।
নিয়মিত এ সড়ক দিয়ে মোটরসাইকেলে যাতায়াত করতেন গোলাম মুর্তজা। তিনি বলেন, ‘মোহাম্মদপুর, ধানমন্ডি থেকে কল্যাণপুর যেতে এই রাস্তাটি ব্যবহার করতাম। হঠাৎ কিছুদিন আগে দুই পাশের ঢোকার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর সড়কটি আর ব্যবহার করা যাচ্ছে না।’
সড়কটি ডিএনসিসির ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম বলেন, ‘সড়কের বাড়ির মালিকদের অনুরোধে রাস্তাটিতে রিকশা ঢোকা বন্ধ করা হয়েছে।’ বাড়ির মালিকদের কথায় এভাবে একটি সড়ক বন্ধ করে দেওয়া যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাড়ির মালিকেরা স্থানীয়। আমার তাদের দিকটিই দেখতে হবে।’
কল্যাণপুরের বাসিন্দা সালমান চয়নের অফিস ধানমন্ডিতে। অফিস যাতায়াতে এই সড়ক ব্যবহার করতেন। তিনি বলেন, ‘নিজের সুবিধামতো ইচ্ছে হলেই এভাবে সাধারণ জনগণের চলার একটি রাস্তা কেউ বন্ধ করতে পারে জানতাম না। কয়েকটি বাড়ির মালিক বলল আর সিটি করপোরেশন রাস্তা বন্ধ করে দিল, এটা মানা যায় না।’ তিনি বলেন, সরকারি রাস্তা কেউ চাইলেই এভাবে বন্ধ করে দিতে পারেন না।