বাড়ির মালিকসহ চারজন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পাশবিক নির্যাতনে মির্জা মোহামঞ্চদ ফয়েজ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বাড়ির মালিকসহ চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। গতকাল সোমবার ওই আবেদনের শুনানি শেষে সিলেটের মুখ্য বিচারিক আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, সিলেট নগরের চন্দনটুলা এলাকার বাসিন্দা মির্জা মোহামঞ্চদ ফয়েজকে (২৮) গত বুধবার পশ্চিম পাঠানটুলার ‘আল আফরোজ টাওয়ার’ থেকে নির্যাতিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার পর ফয়েজ মারা যান। এ ঘটনায় বাড়ির মালিক আফরোজ মিয়াসহ ওই বাড়ির শিক্ষার্থীদের মেসে বসবাসকারী সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জুবেল আহমদ (২০), জয়নুল করিম (২০) ও সিলেট মদনমোহন কলেজের শিক্ষার্থী রায়হান আহমদকে (২২) আটক করে। ফয়েজ মারা যাওয়ায় তাঁর বড় ভাই মির্জা আলী আহমদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করলে ওই মামলার গ্রেপ্তারকৃত আসামি হিসেবে চারজনকে জেলহাজতে সোপর্দ করা হয়। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ মো. মুবাশ্বির জানান, এ ঘটনার সঙ্গে আরও জড়িত থাকার তথ্য পাওয়ায় এবং ফয়েজকে বাড়ি-মালিকের ‘চোর’ দাবির পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে। এ জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।