রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত জঙ্গি নিবরাস ইসলাম ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় জড়িত জঙ্গি আবির হোসেন ঝিনাইদহের যে বাড়িতে মেস করে থাকতেন, সেই বাড়ির মালিক কওছার আলী ও পাশের মসজিদের ইমাম মো. রোকনুজ্জামানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
র্যা ব বলেছে, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় গতকাল মঙ্গলবার সকালে তাদের টহল গাড়ি দেখে কওছার ও রোকনুজ্জামান পালানোর চেষ্টা করেন। তখন তাঁদের আটক করা হয়। এরপর সন্ধ্যায় তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
তবে কওছার আলীর স্ত্রী বিলকিস নাহার এর আগে দাবি করেছিলেন, কালো পোশাক পরা লোকজন র্যা ব পরিচয় দিয়ে ৭ জুলাই ভোররাতে তাঁর স্বামী, দুই ছেলে বিনছার আলী (২২) ও বিনজির আলী (১৯) এবং মসজিদের ইমাম রোকনুজ্জামান ও সহকারী ইমাম সাব্বির হোসেনকে তুলে নিয়ে যান। সেই থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
তবে তাঁদের তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করে র্যা ব।
গতকাল রাতে র্যা ব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পে এ-সংক্রান্ত এক ব্রিফিংয়ে ক্যাম্প কমান্ডার মেজর মনির আহম্মেদ বলেন, কওছার আলী ও রোকনুজ্জামানকে সন্দেহ হলে র্যা বের টহল দল তাঁদের আটক করে। পরে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। আটক দুই ব্যক্তি এর আগে নিখোঁজ ছিলেন, এমন কোনো খবর র্যা বের কাছে আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো খবর তাঁদের জানা নেই।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, র্যা ব ওই দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। র্যা বের ডিএডি আবদুল কাদের খাঁন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। কওছার আলী ও রোকনুজ্জামানের নিখোঁজ থাকার ব্যাপারে জানতে চাইলে তিনিও বলেন, বিষয়টি তাঁর জানা নেই।