বাড়ির সামনেই প্রবাসীর সর্বস্ব লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসপ্রবাসী আবুল কাশেম (৪৫) বাবা-মা, স্ত্রী, ছেলেমেয়ে ও আত্মীয়স্বজন নিয়ে ঈদ করার জন্য দুই বছর পর বাড়ি আসছিলেন। কিন্তু বাড়ির সামনেই ছিনতাইকারীরা লুটে নেয় তাঁর সর্বস্ব।ছিনতাইকারীরা তাঁকে, বৃদ্ধ বাবা ও স্ত্রীসহ তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। তাঁদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পারিবারিক সূত্র জানায়, গ্রিসপ্রবাসী আবুল কাশেম কয়েক দিন আগে ঢাকা এসে পৌঁছান। সংবাদ পেয়ে তাঁর স্ত্রী সুমী আক্তার (৩৫) ও বৃদ্ধ বাবা আবদুল হক ডিলার (৬৫) তাঁকে এগিয়ে আনার জন্য ঢাকা যান। গত সোমবার সন্ধ্যায় তাঁরা একটি প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তাঁদের কিছুটা বিলম্ব হয়। রাত তিনটার দিকে ফেনী-সোনাইমুড়ী সড়কের দাগনভুঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের অলাতলি বাজারের পাশে নিজ বাড়ির কাছে পৌঁছামাত্রই ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সড়কে গাছ ফেলে আগেই অবরোধ সৃষ্টি করে রাখে। সেখানে সাত-আটজন মুখোশধারী ছিনতাইকারী তাঁদের গাড়ি থেকে নামিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে ছিনতাইকারীদের একজনের মুখোশ খুলে যায়। প্রবাসী আবুল কাশেমের বাবা তাঁকে প্রতিবেশী হিসেবে চিনতে পারেন। এতেই বিপত্তি ঘটে। পরে ছিনতাইকারীরা বাপ-ছেলে দুজনকে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে। বাধা দেওয়ার চেষ্টা করায় তাঁর স্ত্রীকেও পিটিয়ে আহত করা হয়। আবুল কাশেম ও তাঁর বাবা আবদুল হক ডিলারকে ফেনী সদর হাসপাতালে ভর্তি ও স্ত্রী সুমী আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী আবুল কাশেম জানান, ছিনতাইকারীরা তাঁর সাড়ে চার ভরি স্বর্ণালংকার, সাত হাজার ইউরো (্ইউরোপিয়ান মুদ্রা), নগদ কিছু টাকা, মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ১২ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। এ ঘটনায় ফেনীর বিচারিক আদালতে আবদুল হক বাদী হয়ে ছয়জন ও আট-দশজনকে অজ্ঞাতনামা হিসেবে মামলা করেন।