বাড়িয়াদহ বিলের বালু তোলা বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ-রূপসদীর বাড়িয়াদহ বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ফরদাবাদ-রূপসদী ধীবর (জেলে) সমবায় সমিতি বাড়িয়াদহ জলমহাল ও রূপসদী, ফরদাবাদ ও দরিকান্দির তিন শতাধিক ভূমিহীনকে ২০০০-০১ অর্থবছরে প্রতিজন এক একর নিচু জমি বন্দোবস্ত নেন। কিন্তু স্থানীয় রূপসদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহসীন মিয়া, সাধারণ সম্পাদক রহিছ খান, আবদুল বাতেন, মো. মামুন মোক্তার, শাহীন মিয়া, নিজাম মিয়াসহ একটি মহল সেখান থেকে এক মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে।ধীবর সমিতির সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাস বলেন, সাড়ে সাত লাখ টাকা দিয়ে তাঁরা বিল ইজারা নিয়েছেন। কিন্তু বালু তোলার কারণে কোটি টাকার মাছ ভেসে যাচ্ছে। ভূমিহীন কৃষক মামুন মিয়া অভিযোগ করেন, ‘যেইভাবে বিল থেইক্কা ৫০-৬০ ফুট গভীর কইরা বালু তুলতাছে বিলে আমারা বোরো ধান চাষ করতে পারুম না।‘রূপসদীর বালু উত্তোলনকারী নিজাম উদ্দিন বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, ‘কিছু মেনেজ কইরাই তো বালি তোলতাছি, এখন বালি উঠতাছে না, খালি মাটি ওঠে, এখন বালি তুললে লস হবে আমাদের।’ অতিরিক্ত জেলা প্রশাসক মো. হিরুজ্জামান মুঠোফোনে বলেন, বালু উত্তোলন বন্ধ করতে ইউএনওকে চিঠি দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যেই চিঠি পৌঁছে যাবে ইউএনওর কাছে।