বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক শুক্রবার বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে প্রতি শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশের সব ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ সময় মসজিদের দক্ষিণ, পশ্চিম ও পূর্ব পাশের ফটক ব্যবহার করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররম মসজিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, কেউ যাতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সিঁড়িকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মসজিদ ইবাদতের স্থান। তাই মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না।সংবাদ সম্মেলনে বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় গত শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়।এদিকে ধর্মভিত্তিক সাতটি দল গতকাল যৌথ বিবৃতিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক প্রতি শুক্রবার বন্ধ রাখার ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলগুলো হলো: ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফতে ইসলামী ও উলামা কমিটি বাংলাদেশ। এ ছাড়া সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ ও বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র পরিষদ পৃথক বিবৃতিতে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়।